তুর্কি সীমান্তে পুরো শহর সিরীয় বিদ্রোহীদের দখলে
সিরিয়ার সরকারবিরোধীরা দেশের উত্তরে তুর্কি সীমান্তের কাছে একটি শহর পুরোপুরি দখল করতে সক্ষম হয়েছে। ‘দ্য গার্ডিয়ান’ জানায়, শহরটি দখলে নিতে গত সপ্তাহ থেকে বিদ্রোহীরা সরকারি বাহিনীর সঙ্গে তুমুল যুদ্ধে লিপ্ত হয়েছিল।গত কয়েক সপ্তাহে ইদলিব প্রদেশের হারেম শহরটি দখলে নেওয়াই বিদ্রোহীদের সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। এর ফলে তুর্কি সীমান্তজুড়ে যেসব ছোট ছোট এলাকা বিদ্রোহীরা দখলে নিয়েছিল, সেগুলোর ওপর দখল আরও সংহত হলো। এর আগে বিদ্রোহীরা যেসব এলাকা দখল করেছিল, সেগুলোর বেশির ভাগই আলেপ্পো প্রদেশের। এ প্রদেশে সরকারবিরোধীরা তিনটি বড় সামরিক ঘাঁটিও দখলে নিয়েছে।যুক্তরাজ্যভিত্তিক ‘সিরিয়ার মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা’ জানিয়েছে, বিদ্রোহীরা মঙ্গলবার সকালে হারেম শহরটি দখল করে। ইদলিব থেকে সরকারবিরোধী জোটের যোদ্ধা মোহাম্মদ কানান জানান, হারেম এখন পুরোপুরি মুক্ত। বিদ্রোহীরা সেনাবাহিনীর বহু চৌকি গুঁড়িয়ে দিয়েছে। যেসব সেনাসদস্য পিছু হটে নগরদুর্গে আশ্রয় নিয়েছিলেন, তাঁদের আটক করা হয়েছে।