তুর্কি সেনাবাহিনীর সঙ্গে কুর্দিদের সংঘর্ষে ২০ জন নিহত
দক্ষিণ-পূর্ব তুরস্কে গতকাল শুক্রবার রাতে কুর্দি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে অন্তত আট সেনা ও ১২ জন কুর্দি বিদ্রোহী নিহত হয়েছেন। তুরস্কের সেনাসদর দপ্তরের উদ্ধৃতি দিয়ে রয়টার্স আজ শনিবার এ তথ্য জানায়। ইরাক সীমান্তে হাক্কারি প্রদেশের সেমডিনলি এলাকায় এ সংঘর্ষ ঘটে।সেনাবাহিনীর ওয়েবসাইটে বলা হয়, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) জঙ্গিরা রাত দুইটার দিকে সীমান্ত এলাকায় একদল সেনার ওপর হামলা চালায়। এতে ১৪ জন সেনা আহত হয়। হামলার পর ওই এলাকায় সেনাবাহিনীর শক্তি বাড়ানো হয়েছে। সেনারা রাতভর হেলিকপ্টার ও কামান দিয়ে তুর্কি বিদ্রোহীদের ওপর হামলা চালায়। পাশাপাশি বিমান বাহিনীর সদস্যরা ইরাকের উত্তরাঞ্চলে পৃথক হামলা চালান।তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে পৃথক আবাসভূমি গঠনের লক্ষ্যে কুর্দি বিদ্রোহীরা লড়ছে। এই দ্বন্দ্বের জের ধরে ১৯৮৪ সালের পর থেকে এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।