যশোর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৭ দশমিক ৭৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ২৩৬ জন। কিন্তু লক্ষণীয় দিক হলো, উপজেলার কলেজগুলোর তুলনামূলক খারাপ ফল।এ প্রসঙ্গে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্রামের কলেজগুলো ভালো ছাত্র পায় না। তা ছাড়া এবার ইংরেজি বিষয়ে প্রশ্নপত্র একটু কঠিন হওয়ায় শিক্ষার্থীরা ভালো করতে পারেনি। ভালো ফলের জন্য পরবর্তী সময়ে কলেজ পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হবে।’ এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৮০১ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৩ হাজার ৩৭০ জন।এ বোর্ডে এবার সবচেয়ে ভালো করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এই কলেজ থেকে ৪৮ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাসের গৌরব অর্জন করেন। আর জিপিএ-৫ পেয়েছেন ৪৫ জন। কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সাজ্জাদ জানান, পরীক্ষার্থীদের সবাই বিজ্ঞানের ছাত্র ছিলেন। যশোর শহরের ক্যান্টনমেন্ট কলেজ সাত বছর ধরে সেরা দশের মধ্যে রয়েছে। এবারও কলেজটি ভালো ফল করেছে। মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া মিথিলা রহমান বলেন, ক্লাসের পাঠদান ও মূল বই অনুসরণ করেই এ ফল হয়েছে। কলেজের অধ্যক্ষ বোরহানুস সুলতান প্রথম আলোকে বলেন, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের চেষ্টার ফলে এ ফল করা সম্ভব হয়েছে। যশোর বোর্ডে উপজেলার কলেজগুলোর খারাপ ফল বিষয়ে ঝিকরগাছা উপজেলার আকিজ উদ্দীন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরা গ্রামের কলেজে ভর্তি না হয়ে শহরের নামী কলেজে চলে যায়। অভিভাবকেরাও তেমন সচেতন নন। এ ছাড়া শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকদের পর্যবেক্ষণ-ব্যবস্থা তেমন ভালো না। তিনি বলেন, গত ছয় মাসে শিক্ষা বোর্ড থেকে কেউ তাঁর কলেজ পরিদর্শনে যাননি।