তুষারপাতে উত্তর ইউরোপ অচল, আটজনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র তুষারপাতে উত্তর ইউরোপের বিভিন্ন দেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিরাম তুষারপাত আর হাড়কাঁপানো ঠান্ডায় পোল্যান্ডে কমপক্ষে আটজন মারা গেছে।তুষারপাতের কারণে ব্রিটেন, ফ্রান্স, পোল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালিসহ বিভিন্ন দেশের বিমানবন্দর, সড়কপথ ও নৌপথ বন্ধ হয়ে গেছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী।তীব্র শীত ও তুষারপাতের কারণে অনেক দেশের অফিস-আদালত ও স্কুল-কলেজ বন্ধ হয়ে গেছে।ফিফা বিশ্বকাপের আয়োজনসংক্রান্ত ব্যাপারে ভোট প্রদান উপলক্ষে স্পেনের প্রধানমন্ত্রী হোসে লুইস রড্রিগুয়েজ জাপাতেরোর জুরিখ যাওয়ার কথা থাকলেও তুষারপাতের কারণে তাঁর যাত্রা বিলম্বিত হচ্ছে।রাশিয়ার রাজধানী মস্কোয় তাপমাত্রা মাইনাস ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। দেশটির কর্মকর্তারা বলছেন, ১৯৩১ সালের ডিসেম্বর মাসে সেখানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।পোল্যান্ডেও তীব্র তুষারপাত হচ্ছে। সেখানকার তাপমাত্রা মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। দেশটির পুলিশ গৃহহীন লোকদের সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে।ব্রিটেনে কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ এ পরিস্থিতিকে স্মরণকালের মধ্যে ভয়াবহ বলে অভিহিত করেছে। আবহাওয়া দপ্তর ব্রিটেনের পূর্ব ও মধ্যাঞ্চলে তীব্র তুষারপাতের সতর্কতা জারি করেছে।তুষারপাতজনিত বন্যার কারণে আলবেনিয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফ্রান্সের মধ্য ও পূর্বাঞ্চলের ১২টি এলাকায় লরি চলাচল নিষিদ্ধ করা হয়েছে। বিবিসি।