পদ্মা সেতু প্রকল্পে পরামর্শক নিয়োগপ্রক্রিয়া-সংক্রান্ত দুর্নীতি ও ষড়যন্ত্রের অভিযোগে করা মামলার প্রধান আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া বলেছেন, পদ্মা সেতু নির্মাণে তিনি কোনো দুর্নীতি করেননি। বিশ্বব্যাংক ও মন্ত্রীর অনুমোদন নিয়ে সব কাজ করা হয়েছে। মামলা বিচারে গেলে তিনি কোনো আইনজীবী রাখবেন না। বিচারের সময় তাঁর বিরুদ্ধে আনা এ মামলা তুড়ি মেরে উড়িয়ে দেবেন।আজ বৃহস্পতিবার বিকেলে মোশাররফ হোসেন ভূঁইয়া ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (নদী শাসন) কাজী ফেরদৌসকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হলে মোশাররফ হোসেন আদালতকে এ কথা বলেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী সৈয়দ শাহ আলম জামিনের আবেদন করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম জামিনের আবেদন নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গত ২৭ ডিসেম্বর এই আসামিকে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। আদালত সূত্রে জানা যায়, আজ আসামি মোশাররফ হোসেন আদালতকে বলেন, পদ্মা সেতু নির্মাণে তিনি কোনো দুর্নীতি করেননি। বিশ্বব্যাংক ও মন্ত্রীর অনুমোদন নিয়ে সব কাজ করা হয়েছে। মামলা বিচারে গেলে তিনি কোনো আইনজীবী রাখবেন না। বিচারের সময় তাঁর বিরুদ্ধে আনা এ মামলা তুড়ি মেরে উড়িয়ে দেবেন। তিনি আদালতকে বলেছেন, তিনি নির্দোষ এ বিষয়ে তাঁর কাছে প্রমাণ আছে। তাঁর আইনজীবী সৈয়দ শাহ আলম যেকোনো শর্তে জামিনের আবেদন জানান।আদালত তাঁর আদেশে বলেন, মামলাটি তদন্তাধীন, এ পর্যায়ে আসামির জামিনের আবেদন না মঞ্জুর করা হলো। গত ২৬ ডিসেম্বর বেলা একটা ৫০ মিনিটে হাইকোর্ট থেকে বের হয়ে আসামিরা গণপূর্ত ভবনের সামনে এলে উইং কমান্ডার মো. তাহিদুল ইসলামের নেতৃত্বে দুদকের একটি দল তাঁদের আটক করে। গত ১৭ ডিসেম্বর পদ্মা সেতু প্রকল্পে কানাডিয়ান কোম্পানি এসএনসি-লাভালিনকে পরামর্শক হিসেবে কাজ পাইয়ে দিতে ষড়যন্ত্রের অভিযোগে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াসহ সাতজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। সাত আসামির মধ্যে চারজন স্থানীয় ও বাকি তিনজন বিদেশি।