তূর্ণা নিশিতার বগি লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি
ভৈরবে আন্তনগর তূর্ণা নিশিতার চারটি বগি লাইনচ্যুতের ঘটনায় আজ শুক্রবার পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে ভৈরব রেলস্টেশনের হোম সিগন্যালে বগি লাইনচ্যুতের ঘটনা ঘটে।তদন্ত কমিটির প্রধান ঢাকা জোনের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, আজ থেকে তদন্ত শুরু হয়েছে। তদন্তে দুর্ঘটনার কারণ অনুসন্ধানের বিষয়টি প্রাধান্য পাবে। আগামী রোববারের মধ্যে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।ভৈরব রেলস্টেশন মাস্টার আবদুল মোতালিব জানান, ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। গতকাল রাত পৌনে দুইটার দিকে ট্রেনটি নরসিংদীর দৌলতকান্দি স্টেশন অতিক্রম করে। দুইটার দিকে ভৈরব স্টেশনের এক নম্বর লাইনে যাওয়ার সময় বিকট শব্দে প্রথমে মাঝের একটি বগি লাইনচ্যুত হয়। অল্প সময়ের ব্যবধানে আরও তিনটি বগি লাইন থেকে নেমে যায়। চালক বিষয়টি বুঝতে পেরে ট্রেন দ্রুত থামিয়ে দেন। রেলস্টেশন মাস্টার আরও জানান, আজ ভোর ছয়টার দিকে দুর্ঘটনাকবলিত বগিগুলোর আগের বগিগুলো অন্য ট্রেনের সঙ্গে জুড়ে দেওয়া হয়। এতে দুর্ঘটনার চার ঘণ্টা পর তূর্ণা নিশিতার একাংশের যাত্রীরা গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। তবে ভোরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং ঢাকা থেকে দুটি রিলিফ ট্রেন এসে দুর্ঘটনাকবলিত বগিগুলো উদ্ধারের কাজ শুরু করে। সকাল নয়টার দিকে উদ্ধারকাজ শুরু হয়। ১০টা থেকে তূর্ণা নিশিতার ওই বগিগুলো আবার যাত্রা শুরু করে। তবে দুর্ঘটনার কারণে অন্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি।