তৃণমূল, কংগ্রেস ও বামফ্রন্টের নানামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিস্তার পানি বণ্টন চুক্তি সই না হওয়ায় বাংলাদেশ-ভারত সম্পর্কে চিড় ধরবে না বলে মনে করে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস।তবে বামফ্রন্টের পাশাপাশি রাজ্য সরকারের অন্যতম শরিক কংগ্রেসের মতে, সাম্প্রতিক বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কে যেভাবে অগ্রগতি হচ্ছিল, আগামী দিনে কিছুটা হলেও তা ব্যাহত হবে।গত সোমবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেন, ‘তিস্তা চুক্তি না হওয়ায় দুই প্রতিবেশীর সম্পর্কে চিড় ধরবে, এমনটা আমরা মনে করি না। আর চুক্তিটি সই না হওয়ায় হতাশার কোনো কারণ ঘটেছে বলে আমার মনে হয় না।’ ওই দিন দুপুরে সল্টলেকের হায়াত রিজেন্সি হোটেলে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর রাইটার্স বিল্ডিংয়ের কার্যালয়ে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের এই প্রভাবশালী নেতা এ প্রতিবেদকের সঙ্গে কথা বলেন। আধা ঘণ্টার আলাপচারিতায় পার্থ চ্যাটার্জি দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকে পানি চুক্তি না হওয়ায় সম্পর্কের ওপর এর প্রভাব, বাংলাদেশের প্রতি রাজ্যের বিশেষ গুরুত্ব—এসব বিষয়ে মন্তব্য করেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে বাংলাদেশে গেলেন না কেন কিংবা বাংলাদেশকে তিস্তার কতটা পানি দেওয়া হবে, এ ব্যাপারে দলের আনুষ্ঠানিক অবস্থানটা খোলাসা করেননি তিনি।পার্থ চ্যাটার্জির মতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা কী হবে, সেটা নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, পশ্চিমবঙ্গের নয়। কিন্তু তিস্তার বিষয়টিতে রাজ্যের সংশ্লিষ্টতা রয়েছে বলেই পশ্চিমবঙ্গের নাম সামনে আসছে।মমতার ঘনিষ্ঠ এই নেতার কাছে জানতে চাওয়া হয়, শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিলের কারণ কী। তিনি বলেন, ‘আমাকে তিনি (মমতা) জানালেন, রাজ্যে কাজ আছে, তাই বাংলাদেশ যাওয়া হবে না। এটি কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। আর কোনো কারণ তিনি জানাননি।’বাংলাদেশকে তিস্তার পানি ২৫ ভাগের বেশি দেওয়া যাবে না, এ কারণেই কি শেষ মুহূর্তে মনমোহন সিংয়ের সফরসঙ্গীর তালিকা থেকে তিনি নিজেকে সরিয়ে নিলেন? এ প্রশ্নের উত্তরে পার্থ বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। তবে মুখ্যমন্ত্রীর পদক্ষেপ দেখে মনে হয় তিনি দুই দেশের স্বার্থ রক্ষা করেই কাজ করতে চান।’তার মানে তো বাংলাদেশ সমান ভাগে তিস্তার পানি পাবে না—এ ধারণার ব্যাপারে পার্থ চ্যাটার্জি বলেন, এ ধরনের সহযোগিতার ক্ষেত্রে রাজ্যের স্বার্থ ক্ষুণ্ন করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। তবে সম্পর্কোন্নয়নের স্বার্থে দুই দিক থেকে কিছুটা ছাড় দেওয়া যেতে পারে। সেটাই বাঞ্ছনীয়।বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু মনে করেন, আলোচ্যসূচিতে থাকার পরও তিস্তার পানি বণ্টনের সুরাহা না হওয়ায় দীর্ঘমেয়াদে না হলেও বাংলাদেশ-ভারত সম্পর্কে তা প্রভাব ফেলবে।গত রোববার আলিমুদ্দি রোডের সিপিআই-এম কার্যালয়ে এ প্রতিবেদককে তিনি বলেন, এ নিয়ে যেহেতু হতাশা সৃষ্টি হয়েছে, তাই আপাতত এটি সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলবে। দুই দেশের সম্পর্কে চিড় ধরে এমন কোনো কাজ কারওই করা উচিত নয়। তাই সময় নির্ধারণের মাধ্যমে সব প্রস্তুতি শেষ করে বিষয়টির নিষ্পত্তি হওয়া উচিত।বর্ষীয়ান এই বাম নেতা বলেন, এতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে যদি কোনো দূরত্ব থাকে, তবে সলাপরামর্শ করেই বিষয়টির সুরাহা করতে হবে। ঢাকায় দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের আগে যেভাবে কাজটি এগোচ্ছিল তাতে মনে হয়নি, সংশ্লিষ্ট সবার মত নিয়ে কাজ হচ্ছে। এমনকি পানিসম্পদ বিশেষজ্ঞদের মতামত যে নেওয়া হয়নি, সেটি তো পরে স্পষ্ট হয়েছে।এদিকে বামফ্রন্ট সরকারের পাঁচবারের অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তও মনে করেন, অভিন্ন নদীর পানি বণ্টনের বিষয়ের সুরাহার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় ধরে নিবিড়ভাবে কাজ করাটা জরুরি। শনিবার সল্টলেকের বাসায় এ প্রতিবেদকের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘গঙ্গা চুক্তি সইয়ের প্রক্রিয়ার সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি, অন্তত এক থেকে দেড় বছর পানির প্রবাহ নিয়ে কারিগরি পর্যায়ে প্রস্তুতি নেওয়া হয়েছিল। আর এ ক্ষেত্রে সিদ্ধান্তটা যেহেতু সামাজিক, তাই দৃষ্টিভঙ্গিটা কেমন হচ্ছে সেটাও জরুরি। প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু অত্যন্ত দূরদর্শী ছিলেন বলে চুক্তি সইয়ের প্রস্তুতিপর্বে উত্তরবঙ্গের মানুষের মতটা নিয়েছিলেন।’কংগ্রেসও মনে করে, পানি বণ্টন নিয়ে হতাশা দুই প্রতিবেশীর সম্পর্ককে প্রভাবিত করবে। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র গত রোববার কিড স্ট্রিটের এমএলএ হোস্টেলে এ প্রতিবেদককে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্ক সহযোগিতার স্তর পেরিয়ে অংশীদারির দিকে এগোচ্ছে। সম্পর্কের যে গুণগত পরিবর্তন শুরু হয়েছিল, এখন তা কিছুটা ব্যাহত হবে। তাই সুসম্পর্কের ধারাটা অব্যাহত রাখতে অমীমাংসিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ওপর জোর দিতে হবে।