তৃণমূল ও বামফ্রন্ট অভিন্ন অবস্থানে
তিস্তার পানি বণ্টন চুক্তিতে বাংলাদেশকে ২৫ ভাগের বেশি পানি দেওয়া সম্ভব নয়—তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতো এই একই দৃষ্টিভঙ্গি ছিল সাবেক বামফ্রন্ট সরকারেরও। প্রথম আলোর সঙ্গে আলাপকালে বর্তমান ও সাবেক মন্ত্রী এবং রাজনীতিবিদেরা এ অভিমত দিয়েছেন।অন্যদিকে রাজ্য সরকারের অন্যতম শরিক দল কংগ্রেসের মতে, শুকনো মৌসুমে তিস্তার পানি অনেক কমে গেছে। ফলে সমান ভাগে অভিন্ন নদীটির পানি বণ্টনের সুযোগ একেবারেই সীমিত।শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি সইয়ের বিষয়টি ‘নাটকীয়ভাবে বাতিল’ হওয়ায় তা দুই দেশের সাম্প্রতিককালের উন্নত সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে এখানকার রাজনীতিবিদদের অভিমত। গত বৃহস্পতিবার থেকে গতকাল পর্যন্ত এখানকার রাজনৈতিক ও সরকারি নেতৃত্বের সঙ্গে আলাপকালে জানা গেছে, তৃণমূল নেতৃত্বাধীন রাজ্য সরকারের মতো বামফ্রন্ট সরকারও পানির প্রবাহ পরিমাপের যৌথ সমীক্ষার ওপর জোর দিয়েছিল। তা ছাড়া বাংলাদেশকে যে ২৫ ভাগের বেশি পানি দেওয়া সম্ভব নয়, সেটা বামফ্রন্ট কেন্দ্রীয় সরকারকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, তিস্তায় বাংলাদেশকে কী পরিমাণ পানি দেওয়া যেতে পারে, সে ব্যাপারে ২০১০ সালের ২৫ আগস্ট পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিল্লিতে একটি চিঠি পাঠায়। রাজ্য সরকারের তৎকালীন সেচসচিব অঞ্জন চট্টোপাধ্যায়ের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, তিস্তায় পানির প্রবাহ কমেছে। এ ছাড়া সেচের কাজে বাঁধ তৈরি করা হয়েছে। এ অবস্থায় বাংলাদেশকে কোনোভাবেই ২৫ ভাগের বেশি পানি দেওয়া সম্ভব নয়।২০০৮ সালের ২ জানুয়ারি রাজ্যের সেচসচিব দিল্লিতে পাঠানো আগের চিঠিতে রাজ্য সরকারের একই অবস্থান তুলে ধরেছিলেন।এ ব্যাপারে গত শনিবার বিকেলে বামফ্রন্ট সরকারের সর্বশেষ সেচমন্ত্রী সুভাষ লস্করের কাছে জানতে চাইলে তিনি চিঠির বিষয়টি নিশ্চিত করেন। ২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পর তিস্তা চুক্তি নিয়ে তেমন কোনো অগ্রগতি হয়নি বলেও স্বীকার করেন তিনি।সুভাষ লস্কর কলকাতার বিধায়ক আবাসন ভবন বা এমএলএ হোস্টেলে এ প্রতিবেদককে বলেন, ‘১৯৮৫ সালে যৌথ নদী কমিশনের ২৫তম বৈঠকে যৌথ কারিগরি সমীক্ষার কথা বলা হলেও দীর্ঘদিনেও তা হয়নি। এ সমীক্ষাটি হলে পানি কতটা আছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যেত। পাশাপাশি এটা জানা যেত, কার কতটা পানি দরকার। এত বছরেও কেন এ সমীক্ষা হলো না, সেটা এক বিরাট প্রশ্ন।দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী আসন থেকে ৩০ বছর ধরে রাজ্য বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে আসছেন সুভাষ লস্কর। তিনি মনে করেন, তিস্তার পানি বণ্টনের ক্ষেত্রে কমান্ড এরিয়া অর্থাৎ কোন দেশে নদীর কত অংশ রয়েছে, সেটিকে গুরুত্ব দিতে হবে। তাঁর মতে, পশ্চিমবঙ্গের গজলডোবায় রয়েছে তিস্তার ৮৩ শতাংশ এলাকা। আর বাংলাদেশের ডালিয়ায় রয়েছে ১৭ শতাংশ। কাজেই পানি বণ্টনের সময় এ বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত।তিস্তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক অবস্থান সম্পর্কে জানতে চাইলে ভারতের রেভল্যুশনারি সোশ্যালিস্ট পার্টির (আরএসপি) রাজ্য সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য সুভাষ লস্কর বলেন, তিস্তার পানি যে কমেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে রাজ্যের স্বার্থ বিঘ্নিত না করেই বাংলাদেশের মতো নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের জন্য কিছুটা ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা যেতে পারে। তবে শেষ মুহূর্তে মমতার বাংলাদেশ সফরের সিদ্ধান্ত বাতিল করার ‘নাটকীয়তা’কে তিনি হঠকারিতা হিসেবে মন্তব্য করেন। কারণ, এ বিষয়ে আপত্তি থাকলে তিনি সেটা প্রধানমন্ত্রীকে আগেভাগেই জানাতে পারতেন।গতকাল তিস্তার পানি বণ্টন চুক্তি সম্পর্কে জানতে চাইলে রাজ্যের বর্তমান সেচমন্ত্রী মানস ভূঁইয়া সরাসরি কোনো মন্তব্য করেননি। এই কংগ্রেস নেতা বলেন, ‘বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক পর্যায়ে কাজ চলছে। তাই এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি না। আশা করছি, বিষয়টির সুরাহা হয়ে যাবে।’তবে তৃণমূলের একজন দায়িত্বশীল নেতা গতকাল আলাপকালে বলেন, তিস্তার পানি কমেছে। তাই বাংলাদেশকে ২৫ ভাগের বেশি দেওয়া যাবে না। এ প্রসঙ্গে বামফ্রন্টের চেয়ারম্যান ও সিপিআইএমের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিমান বসু বলেন, ‘ঢাকায় দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে এটা তো প্রমাণিত হয়েছে, বিভিন্ন বিষয়ে সমাধানের জন্য পূর্বপ্রস্তুতির যথেষ্ট অভাব ছিল। দোষটা কার ছিল কিংবা খামতিটা কোথায়, তা বলতে পারব না। তবে শীর্ষ বৈঠকের আলোচ্যসূচিতে থাকা বিষয় যখন অমীমাংসিত থাকে, তখন তো বুঝতে বাকি থাকে না আমলাতান্ত্রিক ও কূটনৈতিক পর্যায়ে কাজগুলো ঠিকভাবে হয়নি।’গতকাল আলিমুদ্দীন সড়কের দলীয় কার্যালয়ে আলাপকালে বর্ষীয়ান এই বাম নেতার কাছে জানতে চাওয়া হয়েছিল, তৃণমূলের মতোই একই অবস্থান ছিল কি না বামফ্রন্ট সরকারেরও। উত্তরটি তিনি সরাসরি দেননি। শুধু বলেছেন, ‘এ বিষয়টি আমার মনে নেই।’বিমান বসুর মতে, তিস্তা চুক্তি সই না হওয়ায় দুই দেশের সম্পর্কে সুদূরপ্রসারী না হলেও নেতিবাচক প্রভাব পড়বে। তিনি বলেন, ‘দুই প্রতিবেশীর সম্পর্কে চিড় ধরে, এমন কিছু করা তো কারও উচিত নয়। উনার (মমতা) সঙ্গে আলাপ করেই তো মনমোহন সিং পাঁচ মুখ্যমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাজেই শেষ মুহূর্তে এভাবে সফর বাতিল করাটা তাঁর মোটেও উচিত হয়নি।’পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক ওমপ্রকাশ মিশ্র মনে করেন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মধ্যে যে সমন্বয় ছিল না, সেটা শেষ মুহূর্তে তিস্তা চুক্তি সই না হওয়ায় প্রমাণিত হয়েছে। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই অধ্যাপক প্রথম আলোকে বলেন, ‘সন্দেহ নেই, তিস্তা চুক্তির বিষয়গুলো কারিগরি পর্যায়ের। তবে এ নিয়ে জনসমক্ষে কিছু প্রকাশ করা হবে না, এটা তো হতে পারে না। দুই দেশের সম্পর্কের স্বার্থেই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিস্তার বৈতরণী পার হওয়া উচিত।’ওমপ্রকাশ বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক সহযোগিতার স্তর ছাড়িয়ে অংশীদারির দিকে এগোচ্ছিল। অভিন্ন নদীর পানি বণ্টন চুক্তি সই না হওয়ায় তা সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে।