তৃণমূল ও বামফ্রন্ট উভয়েরই জয় দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বিধানসভার তৃতীয় দফার নির্বাচন গতকাল বুধবার শেষ হয়েছে। তৃতীয় দফার নির্বাচনের মাধ্যমে বিধান সভার ২৯৪টি আসনের মধ্যে ১৭৯টি আসনের নির্বাচন শেষ হয়ে গেল। প্রথম দফায় ৫৪টি আসনে, দ্বিতীয় দফায় ৫০টি আসনে এবং তৃতীয় দফায় ৭৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন বাকি ১১৫টি আসনের নির্বাচন। এর মধ্যে ৩ মে চতুর্থ দফায় অনুষ্ঠিত হবে ৬৩টি, পঞ্চম দফায় ৭ মে ৩৮টি এবং ষষ্ঠ বা শেষ দফায় ১০ মে অনুষ্ঠিত হবে ১৪টি আসনের নির্বাচন।এদিকে তৃণমূল কংগ্রেসের জোট ও বামফ্রন্ট উভয় জোটই নিশ্চিতভাবে দাবি করেছে, তারাই এবার জিততে চলেছে। তবে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একধাপ এগিয়ে বলেছেন, প্রথম তিন দফায় অনুষ্ঠিত হওয়া ১৭৯টি আসনের মধ্যে তাঁরাই পাচ্ছেন ১৫০টি আসন। এ দিকে সরকার গঠন করার জন্য দরকার ১৪৮টি আসন। গতকাল হুগলির ডানলপ কারখানার সামনে এক সমাবেশে মমতা এই দাবি করেন। তিনি আরও বলেছেন, এখনো বাকি আরও তিন দফার নির্বাচন।অন্যদিকে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও বলেছেন, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই বামফ্রন্ট ক্ষমতায় ফিরছে। তিনি বলেছেন, শত প্ররোচনা উপেক্ষা করে মানুষ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আর মমতার ১৫০ আসন পাওয়ার ঘোষণার পরিপ্রেক্ষিতে সিপিএমের নেতা গৌতম দেব বলেছেন, ‘পরবর্তী তিন দফার নির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সভা-সমাবেশের দরকার নেই। তিনি তো তিন দফার ভোটেই জিতে গেছেন।’ গৌতম দেব আরও বলেছেন, এবারও বামফ্রন্টই জিতবে। তিনি আশা প্রকাশ করেন, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার ৭৫টি আসনের মধ্যে বামফ্রন্ট কমপক্ষে ৩৪টি আসন পাবে। এর মধ্যে উত্তর চব্বিশ পরগনায় বামফ্রন্ট পাবে ২০টি আসন। আর দক্ষিণ চব্বিশ পরগনায় পাবে ১০টির বেশি আসন। আর কলকাতায় পাবে চারটি আসন।