বিরোধী দলের আন্দোলন কর্মসূচি সামনে রেখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলকেও সক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ে ১৪ দল সম্মিলিতভাবে কর্মসূচি পালন করবে। এ ছাড়া কেন্দ্রীয় ১৪ দল প্রতি মাসের শেষ শনিবার বৈঠক করবে। তবে সংসদ অধিবেশন বা অন্য কোনো কর্মসূচি থাকলে তা আগানো-পেছানো হতে পারে।আজ রোববার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে ১৪ দলের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বৈঠকের সিদ্ধান্ত জানান। বৈঠকে সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ সাজেদা চৌধুরী। এতে ১৪ দলের শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।সৈয়দ আশরাফ বলেন, ১৪ দল মনে করে বিএনপি জনগণের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে হরতাল ডেকেছে। বিরোধী দলের নেতা তাঁর সন্তানদের বিরুদ্ধে চলা মামলার কার্যক্রম বন্ধ ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর জন্য এ হরতাল দিয়েছে। এ জন্য অযৌক্তিক হরতাল প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নেয় ১৪ দল।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ১৪ দল মনে করে হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে বিরোধী দল তা শান্তিপূর্ণভাবে পালন করবে বলে আমরা আশা করি। মানুষের জান-মালের ক্ষতি করবে না। কেউ মানুষের জান-মালের ক্ষতি করতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি তা ঠেকানোর আহ্বান জানানো হয়েছে বৈঠকে।হরতাল প্রতিহত করা হবে কি না এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, সরকারি দল হরতাল ঠেকাতে মাঠে থাকবে না। হরতালের প্রতিবাদে কোনো রকম শান্তি মিছিলের কথাও তিনি নাকচ করে দেন। দেশব্যাপী গণগ্রেপ্তারের বিষয়ে তিনি বলেন, ‘এতে ১৪ দল জড়িত নয়। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে জিজ্ঞেস করুন।’বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, মতিয়া চৌধুরী, মহিউদ্দিন খান আলমগীর, সাহারা খাতুন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, গণতন্ত্রী পার্টির নুরুল রহমান সেলিম প্রমুখ।