গত ৭ মার্চ লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তন কাম-কমিউনিটি সেন্টারে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় জেলার পাঁচটি উপজেলা, দুটি পৌরসভা ও ৪২টি ইউনিয়নের তৃণমূল নেতারা তাঁদের নানা অভিযোগ তুলে ধরার পাশাপাশি নেতাদের সব কাজের জবাবদিহিতা দাবি করেছেন।ওই দিন বেলা ১১টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় উত্থাপিত বিভিন্ন প্রশ্ন ও প্রসঙ্গে জবাব দিতে গিয়ে জেলা নেতারাসহ অতিথিদের বিভিন্ন কৌশল ও পদ্ধতি অনুসরণের কথা বলতে হয়েছে।বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত খালিদ মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বী।বর্ধিত সভায় পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, মসজিদের ইমাম-মোয়াজ্জিনদের মধ্যে একটি বড় অংশ বিএনপি-জামায়াত নেতা-কর্মী অথবা সমর্থক। এই অবস্থা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বিজয় কুমার বলেন, যেসব নেতা যেকোনো পন্থায় ধনী হতে চান তাঁদের বলব রাজনীতি নয়, ব্যবসা করুন। তিনি অভিযোগ করে বলেন, ‘ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের অনেক নেতা আমাদের চেনেন-জানেন বলে মনে হয় না।’ তিনি অভিযোগ করে বলেন, কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসনটি থেকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মজিবর রহমান নির্বাচিত হওয়ায় এই দুই উপজেলায় আওয়ামী লীগকে নানাভাবে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকতে হচ্ছে।আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল বারিক চৌধুরী সেলিম বলেন, ‘যাঁরা নির্বাচিত হয়ে সরকারের প্রতিনিধি হয়েছেন তাঁদেরসহ জেলা নেতাদের অবশ্যই আমাদের সামনে তাদের সব ভালো-মন্দ কাজের জন্য জবাবদিহি করতে হবে, শুধু ক্ষমতার সুফল ভোগ করলেই চলবে না।’ তিনি বলেন, মাঠ পর্যায়ে কর্মরত এনজিওগুলোর অধিকাংশের কর্মকাণ্ড মহাজোট সরকারের স্বার্থের অনুকূলে কি না তা দেখার জন্য মনিটরিং-ব্যবস্থা জোরদার করতে হবে।লালমনিরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ কামরুজ্জামানের জামাতা প্রকৌশলী আবু সাঈদ দুলাল বলেন, ‘জাতীয় রাজনীতির স্বার্থে লালমনিরহাট-৩ সদর আসনটিতে আমাকে একবার মনোনয়ন দিয়ে পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। আমি ব্যক্তিগত দুঃখ ব্যথা ও নেতা-কর্মীদের সমবেদনা উপেক্ষা করে এ আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে মনোনয়ন দিলে তার বিরোধিতা করিনি। কিন্তু তিনি নির্বাচিত হয়ে লালমনিরহাট-৩ সদর আসনের উন্নয়নে কী কাজ করেছেন তা নিয়ে সব মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।’জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, এটা সত্য যে বর্তমানে কেন্দ্রের সঙ্গে জেলার এবং জেলার সঙ্গে থানা ও ইউনিয়নগুলোর আওয়ামী লীগ নেতাদের এক ধরনের দূরত্ব বৃদ্ধি পেয়েছে। এটি কোনো মহলের ষড়যন্ত্র, নাকি সুবিধাবাদীদের কৌশল তা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, এখনো লালমনিরহাটের অনেক নেতা-কর্মী বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের হয়রানিমূলক ও মিথ্যা মামলার কারণে হয়রানির শিকার। অবিলম্বে এ ধরনের মামলা প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে।অনুষ্ঠানের বিশেষ অতিথি অ্যাডভোকেট ফজলে রাব্বী বলেন, ‘আপনাদের দাবি-দাওয়া ও বক্তব্যের সঙ্গে একমত হয়েও বলব, দল ক্ষমতায় গেলে যেভাবে প্রত্যাশা করা হয় সেভাবে সব দাবি কখনোই পূরণ করা যায় না। যারা আজ মঞ্চে বসেছি আর যাঁরা মঞ্চের সামনে আছেন তাঁদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির কারণে এক ধরনের হতাশা ও ক্ষোভ সৃষ্টি হওয়া অবাক হওয়ার মতো কিছু নয়।’ তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের নেতৃত্বে যে মহাজোট সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার ওপর জাতি যুদ্ধাপরাধীদের বিচারসহ সব বেআইনি হত্যাকাণ্ডের বিচার করে শাস্তি দেওয়ার আস্থায় জনগণ এত বিপুল পরিমাণে ভোট দিয়েছে। শুধু দলীয় নেতা-কর্মীদের প্রত্যাশা পূরণ করতে নয়।’প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল উন্নয়নমুখী সরকার কায়েম করার জন্য বর্তমানে মহাজোট সরকার কাজ শুরু করেছে। ইতিমধ্যেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা মামলার রায় কার্যকর করা হয়েছে। বাকি হত্যাকাণ্ডগুলোর বিচার পর্যায়ক্রমে হবে। এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য বিএনপি ও জামায়াতের রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থক সব সময় দেশবাসীসহ আপনাদেরও বিভ্রান্ত করার সুযোগ পেলে হাতছাড়া করবে বলে মনে হয় না। তাই এই সময় শুধু দাবি-দাওয়া ও অভাব-অভিযোগ তুলে ধরে মন খারাপ করে দূরে বসে থাকলে চলবে না, তৃণমূল জনগণকে সরকারের ভালো কাজগুলোর বিষয়ে সচেতন করার পাশাপাশি দলের নীতি আদর্শ ও কর্মকাণ্ড বাস্তবায়নে সহযোগী করে গড়ে তুলতে হবে।’ তিনি বলেন, কোনো ন্যায়সংগত দাবি কখনোই অপূর্ণ থাকবে না। তবে সময় লাগবে, এ জন্য ধৈর্য ধরতে হবে।সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন বলেন, ‘আপনাদের কাছে প্রত্যাশা করেছিলাম বর্ধিত সভায় সেই কথা বলবেন, যাতে দল আরও সংগঠিত হতে পারে, দলের ছায়াতলে সমাজের সম্মানিত ও গ্রহণযোগ্য মানুষেরা আসতে পারে। কিন্তু আপনারা তা না করে যেভাবে দাবি-দাওয়া ও প্রত্যাশা তুলে ধরলেন তাতে আমি অবাক হলেও একে অবাস্তবও মনে করছি না।’ তিনি বলেন, বর্তমান মহাজোট সরকার আমলে তিস্তা নদীর ভাঙন থেকে লালমনিরহাট জেলাকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই তিস্তা নদীর বামতীর রক্ষা প্রকল্পের কাজের টেন্ডার হয়েছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের সংস্কারকাজের অর্থ বরাদ্দসহ টেন্ডার হয়েছে। তিনি বলেন, ‘অন্যান্য কাজ করতে আমাদের সহযোগিতা করুন, সময় দিন, ন্যায়সংগত দাবি-দাওয়া পূরণের জন্য চেষ্টা করা হবে।’