তৃণমূল নেতাদের ওপর হামলার জেরে পশ্চিমবঙ্গে তুলকালাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র আজ মঙ্গলবার দিল্লিতে সিপিএম ও এর ছাত্রসংগঠনের কর্মীদের হামলার শিকার হয়েছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) (সিপিএম) কর্মীরা দিল্লির যোজনা কমিশনের (পরিকল্পনা দপ্তর) সামনে অর্থমন্ত্রীর ওপর চড়াও হন। এ ঘটনার পর রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস ও সিপিএমের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছে।হামলার পর ক্ষুব্ধ মমতা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করেছেন। তাঁর দলের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি জ্বর জ্বর বোধ করছেন। তবে মন্ত্রী অমিত মিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।রাজ্যের জন্য বিশেষ অর্থনৈতিক সুবিধা আদায়ে মমতা দিল্লিতে গিয়েছিলেন যোজনা কমিশনের উপপ্রধান মেন্টেক সিং আহলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক করতে। রাজ্যের কাছে কেন্দ্রের পাওনা দুই লাখ কোটি রুপি। এ জন্য প্রতিবছর রাজ্যকে সুদ বাবদ গুণতে হয় ২২ হাজার কোটি রুপি। মমতা চাইছেন, কেন্দ্রের সরকার যাতে এ সুদটুকু মওকুফ করে দেয়। অথচ সুদ বা ঋণ মওকুফের কোনো ক্ষমতা কেন্দ্রের সরকারের নেই। কেন্দ্রের সরকার সাংবিধানিকভাবেই এটা করতে পারে না, তবে মমতা চাইছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে একটা উপায় বের করবেন।মমতা আজ বিকেলে যোজনা কমিশনে যান তাঁর অর্থমন্ত্রীকে সঙ্গে নিয়ে। এ সময় সিপিএমের ছাত্রসংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের প্রায় দেড় শ কর্মী ওই ভবনের সামনে মমতা ও তৃণমূল সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন। কর্মীরা ৬২ বছর বয়সী অমিত মিত্রের ওপর হামলা করেই ক্ষান্ত হননি, তাঁর ধুতিও ছিঁড়ে ফেলেছেন। ছাত্র ফেডারেশনের কর্মীরা তাঁদের সাথি সুদীপ্ত গুপ্তের মৃৃত্যুর ঘটনার প্রতিবাদ জানাচ্ছিলেন। গত সপ্তাহে ছাত্রবিক্ষোভের সময় সুদীপ্তকে গ্রেপ্তার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর মাথায় গুরুতর আঘাতসহ সুদীপ্তকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি সেখানে মৃত্যুবরণ করেন। এরপর ফেডারেশন দাবি করে, পুলিশ সুদীপ্তকে পিটিয়ে হত্যা করেছে। মমতা ওই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ওটা একটা মামুলি ঘটনা।দিল্লির হামলার পর মমতা বন্দ্যোপাধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘ওদের (হামলাকারী) হাতে ছিল লোহার রড, ওটি দিয়ে তারা আমার ওপরে হামলা করতে চেয়েছিল। আমি মরে গেলেও ওরা আমাকে থামাতে পারত না। আমিও ছাত্র রাজনীতি করে এসেছি।’ছড়িয়ে পড়েছে সংঘাতমুখ্যমন্ত্রীর ওপর ছাত্র ফেডারেশনের হামলার প্রতিবাদে তৃণমূলের কর্মীরা হুগলি, পরশুড়া, বাঁকুড়িয়া, তালডাংগা, কোচবিহার, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, বশির হাট, দক্ষিণ চব্বিশ পরগনা, বীরভূম, উত্তর দিনাজপুর, বালুরঘাট, পুরুলিয়া ও বর্ধমানে সিপিএমের শতাধিক কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে। এ সময় তৃণমূলের নেতা-কর্মীরা সিপিএমের সাবেক মন্ত্রী সুদর্শন রায় চৌধুরী ও বিধায়ক রেজ্জাক মোল্লার গাড়ি ভাঙচুর করেন।প্রতিক্রিয়া‘আনন্দবাজার’-এর খবরে বলা হয়, ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকেরা। তবে সিপিএম ঘটনার নিন্দা জানিয়েছে। সিপিএমের নেতা গৌতম দেব নিন্দাসূচক প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘গায়ে হাত দেওয়া উচিত হয়নি, এটা বিক্ষোভের রাস্তা নয়।’ ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুষমা স্বরাজও হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘এ অভব্য আচরণের জন্য সিপিএমের দুঃখপ্রকাশ করা উচিত।’বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুও ঘটনার নিন্দা জানিয়েছেন। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ঘটনার তদন্ত দাবি করেছেন। অভিযুক্তদের শাস্তির দাবিতে আন্দোলন শুরুর ঘোষণাও দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়।