তৃণমূল নেতার উদ্দাম কাণ্ড! (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পাশে উদ্দাম নাচে মত্ত স্বল্পবসনা তরুণীরা। মাঝখানে তাঁদের ওপর টাকা ছিটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নেতা মীর তাহির আলী। গতকাল মঙ্গলবার দলটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী এভাবেই উদযাপন করলেন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙ্গরের নেতা-কর্মীরা।টিএমসির নেতা ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য মীর তাহির আলীর নেতৃত্বে স্থানীয় তৃণমূল ভাঙ্গরে ওই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় থানার সামনে আয়োজিত অনুষ্ঠানটি মধ্যরাত পর্যন্ত চলে। পরে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, টিএমসির ওই অনুষ্ঠানের খবর নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। তবে টিএমসি ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন’ আখ্যা দিয়ে এর সঙ্গে জড়িত লোকজনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছে।টিএমসির বিধায়ক ডেরেক ও’ব্রেইন বলেন, তৃণমূলের ১৫তম জন্মদিনে আয়োজিত ৩০০টি অনুষ্ঠানের মধ্যে ওই অনুষ্ঠানটি ছিল বিচ্ছিন্ন। এর সঙ্গে জড়িত নেতা-কর্মীদের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘দয়া করে অনুষ্ঠানটিকে টিএমসি-সমর্থিত মনে করবেন না। টিএমসি সব সময়ই সাংস্কৃতিক ও জেন্ডার সংবেদনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।’এদিকে মধ্যরাত পর্যন্ত তৃণমূলের অনুষ্ঠানে নাচগানের বিষয়টি বিভিন্ন টেলিভিশনে ফলাও করে প্রচার হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল ও নারী-অধিকারের কর্মীরা এ অনুষ্ঠানের তীব্র সমালোচনা করেছেন। তাঁরা এ ধরনের কর্মসূচিকে ‘স্থূল’ রুচির প্রকাশ বলে আখ্যা দিয়েছেন।ন্যাশনাল কমিশন ফর উইমেনের চেয়ারপারসন মমতা শর্মা বলেন, ‘তারা (টিএমসি) যেভাবে অনুষ্ঠান উদযাপন করেছে, তা লজ্জাকর। সব রাজনৈতিক দলেরই মনোভাব পরিবর্তন দরকার।’

প্রখ্যাত শিক্ষাবিদ সুনন্দা সান্যাল বলেন, ‘পশ্চিমবঙ্গে এ ধরনের সংস্কৃতির প্রচলন থাকলে তরুণ ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হবে।’নাট্যপরিচালক ও অভিনেত্রী উষা গাঙ্গুলি বলেন, এটি খুবই দুঃখজনক। এ ধরনের সংস্কৃতি পশ্চিমবঙ্গের সামগ্রিক সাংস্কৃতিক চরিত্রের প্রতিফলন নয়। ধর্ষণের ঘটনায় এক যুবতীর মৃত্যুর ঘটনার পর কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এ ধরনের অনুষ্ঠান আমরা প্রত্যাশা করি না।’