তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে, রোগীরা শহরমুখী
জেলার তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান ভেঙে পড়েছে। ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রগুলোয় চিকিৎসক না থাকায় রোগীরা যথাযথ চিকিৎসাসেবা পাচ্ছে না। ফলে গ্রাম্য চিকিৎসক কিংবা ফার্মাসিস্টরাই রোগীদের ভরসা। রোগীরা শারীরিক অবস্থা বেশি খারাপ হলে সহায়-সম্বল খুইয়ে ছুটে যায় বিভিন্ন শহরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৩৮টি ইউনিয়নের মধ্যে ৩০টিতে স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্র এবং সাতটিতে স্বাস্থ্য উপকেন্দ্র আছে। পদ থাকলেও বেশির ভাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণকেন্দ্রে কোনো চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) নেই। একজন ভিজিটরকে দিয়েই সব রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক না থাকায় ভিজিটররা সঠিক রোগ নির্ণয় না করেই বিভিন্ন রোগের জন্য প্রায় একই ধরনের ওষুধ দিয়ে থাকেন। এ ধরনের চিকিৎসার পর রোগীর অবস্থা গুরুতর হলে তারা আশ্রয় নেয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে। সেখানেও রোগীদের অধিকাংশ ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা দেওয়া হয় না। উপজেলা পর্যায়ের চিকিৎসকেরা দায়িত্ব এড়াতে রোগীদের জেলা শহরের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের দেবদূন গ্রামের আরিফা আক্তার বলেন, ‘আমার শারীরিক কিছু সমস্যা নিয়ে স্থানীয় ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নেই। কিছু দিন পর অবস্থার অবনতি হলে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। সেখানে আমাকে ঢাকায় বড় কোনো চিকিৎসকের কাছে যেতে বলা হয়। তারপর মিটফোর্ড হাসপাতালে ভর্তি হয়ে অপারেশনসহ চিকিৎসা নিয়েছি।’লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে কোনো চিকিৎসক নেই। নাজমা বেগম নামে একজন ভিজিটর থাকলেও তিনি নিয়মিত বসেন না। স্বাস্থ্যকেন্দ্রের অবস্থাও নাজুক। জানালা-দরজা ভেঙে গেছে। ভেতরের আসবাবপত্রেও ঘুণ ধরেছে। শালনগর ইউনিয়নের দফাদার মো. ইদ্রিস বিশ্বাস জানান, প্রতি মঙ্গলবারে একজন মহিলা ভিজিটর ওষুধপথ্য নিয়ে এখানে বসেন। কিন্তু এক মাসেরও বেশি সময় হয়েছে, তিনি আর আসছেন না। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতানুজ্জামান সেলিম বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির সভায় বিষয়টি একাধিকবার উত্থাপন করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’বেশির ভাগ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা প্রায় একই ধরনের।