তৃণমূলে নারীনেতৃত্বের বিকাশ ঘটছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক বাধার কারণে দক্ষিণ এশীয় অঞ্চলে তৃণমূল পর্যায়ে নারীনেতৃত্বের বিকাশ ঘটছে না। তা ছাড়া, এ ব্যাপারে তাদের সামনে কোনো আদর্শ গড়ে না ওঠার কারণে এ অঞ্চলের নারীরা পিছিয়ে আছে।আজ সোমবার চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) ক্যাম্পাসে তৃণমূল পর্যায়ে নারীর রাজনৈতিক নেতৃত্ব বিকাশের ওপর দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল এইউ-প্রথম আলো ‘ফার্স্ট ইন দ্য ফ্যামিলি’ বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে বক্তব্য দেন ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান। ১০ দিনের এ সম্মেলনের উদ্বোধন করেন নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী। অতিথি ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নারীবিষয়ক বিশেষ দূত মেলান ভারভিয়র ও এইউডব্লিউ সাপোর্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট কামাল আহমেদ। স্বাগত বক্তব্য দেন এইউডব্লিউর উপাচার্য ফাহিমা আজিজ। অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত নাসিম ফিরদাউস।এইউডব্লিউ ও মার্কিন পররাষ্ট্র দপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান ও বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নির্বাচিত জনপ্রতিনিধিরা অংশ নিচ্ছেন। প্রতিমন্ত্রী শিরিন শারমীন চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়ায় তৃণমূল পর্যায়ে নারীনেতৃত্ব বিকাশের ওপরই নির্ভর করছে এ অঞ্চলের উন্নয়ন। কিন্তু নানা বিতর্ক ও সামাজিক বাধার কারণে এ ক্ষেত্রে নেতৃত্বের পরিপূর্ণ বিকাশ ঘটছে না। তবে বাংলাদেশে তৃণমূল পর্যায়ে নারীনেতৃত্বের বিকাশে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।শিরিন শারমীন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সাফল্য অর্জিত হয়েছে; বিশেষ করে ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদে নারীদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষিত আসনে তাঁদের অভাবনীয় বিজয় এর প্রমাণ বহন করে। ২০০৯ সালে সারা দেশে ৪৭৫ জন নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে তিনি উল্লেখ করেন। মেলান ভারভিয়র বলেন, ‘বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে কোনো উন্নয়নই ফলপ্রসূ হবে না। কিন্তু দেখা যায়, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাষ্ট্রীয়, সামাজিক ও পারিবারিক ক্ষেত্রে তারা প্রায়ই উপেক্ষিত। তারাও নিজ থেকে এগোতে পারে না। কারণ, তাদের সামনে তেমন কোনো অনুকরণীয় আদর্শ তারা খুঁজে পায় না। আমরা আশা করছি, সম্মেলন শেষে ছয়টি দেশের নারী প্রতিনিধিরা এ ক্ষেত্রে একটি সঠিক নির্দেশনা পাবেন।’এইউ-প্রথম আলো ‘ফার্স্ট ইন দ্য ফ্যামিলি’ বৃত্তি: সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল এইউ-প্রথম আলো ‘ফার্স্ট ইন দ্য ফ্যামিলি’ বৃত্তি প্রদান অনুষ্ঠান। এতে মেলান ভারভিয়র ও ‘প্রথম আলো’র সম্পাদক মতিউর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোকেয়া আফজাল রহমান। অনুষ্ঠানে মতিউর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার স্বপ্ন ছিল এ ধরনের একটি বৃত্তি চালু করা। নানা কারণে এ ক্ষেত্রে কিছুটা সময় লেগেছে। আমরা বেশ কিছু বিষয় বিবেচনা করে এ বৃত্তি নির্ধারণ করেছি। আশা করছি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সঙ্গে অংশীদারির মাধ্যমে এ বৃত্তি শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষায় সহায়তা করবে।’রোকেয়া আফজাল রহমান বলেন, ‘আমি যতবারই এখানে আসি, ততবারই উদ্দীপ্ত হই। কারণ, এখানে সব দেশের মেয়েরা মিলে একটি পরিবার। এখানে তারা নিজেদের সমস্যা-সম্ভাবনার কথা খোলাখুলি বলার সুযোগ পায় এবং এর সমাধানের উপায় খুঁজে বের করতে পারে।’এইউডব্লিউর ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। তাঁরা হলেন: সিনথিয়া খোন্দকার, আকলিমা চৌধুরী, নূর-ই-জান্নাত, তাসলিমা খাতুন, শারমিন আক্তার, মেরিনা আফরিন, মৌসুমি আলম, সাদিয়া ইসলাম, শারমিন অক্তার ও বিবি জয়নাব। দেশের শীর্ষ দৈনিক ‘প্রথম আলো’র সঙ্গে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’-এর অংশীদারির ভিত্তিতে এ বছর প্রথমবারের চালু হয়েছে এ বৃত্তির কার্যক্রম। এতে শিক্ষার্থীর মেধা ও আর্থিক অবস্থা বিবেচনা করে একটি পরিবারের বিশ্ববিদ্যালয় অঙ্গনে প্রবেশকারী প্রথম মেয়েসন্তানকে উচ্চতর শিক্ষার সুযোগ করে দেওয়া হয়।