তৃণমূলের অনাস্থা প্রস্তাব খারিজ
ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের (এফডিআই) সিদ্ধান্তের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাব পার্লামেন্টে খারিজ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার পার্লামেন্টের শীতকালীন অধিবেশন শুরু হয়। শুরুতে তৃণমূল কংগ্রেসের ১৯ সাংসদ এই অনাস্থা প্রস্তাব আনেন। কিন্তু প্রয়োজনীয় ৫০ জন আইনপ্রণেতার সমর্থন না থাকায় অনাস্থা প্রস্তাবের নোটিশটি খারিজ করে দেন লোকসভার স্পিকার।তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা দিয়েছিলেন, ভারতীয় পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ক্ষমতাসীন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের খুচরা ব্যবসায়ে বিদেশি পুঁজি বিনিয়োগের সিদ্ধান্তের প্রতিবাদে অনাস্থা প্রস্তাব পেশ করবে তাঁর দল। গতকাল বুধবার রাত পর্যন্ত অনাস্থা প্রস্তাবের পক্ষে অন্য কোনো দলের সমর্থন আদায় করতে পারেননি মমতা। তা সত্ত্বেও মমতার নির্দেশে আজ সকাল নয়টায় লোকসভার সেক্রেটারি জেনারেলের কার্যালয়ে অনাস্থা প্রস্তাব পেশ করেন সংসদে তৃণমূল কংগ্রেসের মুখ্য সচেতক বা চিফ হুইপ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। অনাস্থা প্রস্তাব পেশ করে তিনি সাংবাদিকদের জানান, একজন সাংসদও এই অনাস্থা প্রস্তাব আনতে পারেন। তবে ওই প্রস্তাবের পক্ষে অন্তত ৫০ জন সদস্য সংসদে দাঁড়িয়ে সমর্থন জানালেই কেবল এ প্রস্তাব আলোচনায় উঠতে পারে। তৃণমূল দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে কেন্দ্রীয় ইউপিএ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সংসদে এই অনাস্থা প্রস্তাব পেশ করেছে। বেলা ১১টায় ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা ও নিম্নকক্ষ লোকসভার অধিবেশন শুরু হলে এফডিআই ও অন্যান্য ইস্যু নিয়ে সরব হয় বিভিন্ন দল। প্রবল হট্টগোলের মধ্যে ১২টা পর্যন্ত উভয় সংসদের অধিবেশন মুলতবি করেন লোকসভার স্পিকার মীরা কুমার ও রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি। দুপুর ১২টায় আবার অধিবেশন শুরু হলে উভয় কক্ষে হইচই শুরু করেন বিরোধীরা। এর পরিপ্রেক্ষিতে রাজ্যসভার অধিবেশন আগামীকাল পর্যন্ত মুলতবি হয়ে যায়। লোকসভার অধিবেশন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়। দুপুর সাড়ে ১২টায় লোকসভার অধিবেশন শুরু হলে প্রয়োজনীয় ৫০ সাংসদের সমর্থন না থাকায় অনাস্থা প্রস্তাবের নোটিশ খারিজ করে দেন স্পিকার। তৃণমূলের ১৯ জন ও বিজেপির তিনজন আইনপ্রণেতাসহ মোট ২২ জন অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন জানান। কিন্তু অনাস্থা প্রস্তাব আনার জন্য কমপক্ষে ৫০ জন সাংসদের সমর্থন দরকার হয়। অনাস্থা প্রস্তাব খারিজ হওয়ায় সংসদে একঘরে হয়ে গেল তৃণমূল কংগ্রেস। মমতা শেষ পর্যন্ত আশায় ছিলেন, হয়তো বিজেপি বা অন্য দলের কেউ অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন জানাবেন।