তৃণমূলের কথা নেই, সরকারের সমালোচনায় মুখর নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ও আওয়ামী লীগের সমালোচনা আর দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বন্দনার মধ্য দিয়ে শেষ হলো ‘বিএনপির তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার গুরুত্ব’ শীর্ষক ধারাবাহিক আলোচনা সভা।গতকাল মঙ্গলবার সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয় ঢাকা অঞ্চলের তৃণমূল প্রতিনিধিদের নিয়ে।এর আগে দেশের বিভিন্ন স্থানে এ রকম ১২টি সভা হয়। আগের মতো গতকালও ২০০৫ সালে অনুষ্ঠিত তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভার কোনো সুপারিশ তুলে ধরা হয়নি। ঢাকা অঞ্চলের তৃণমূল নেতারা কিছু বলার সুযোগও পাননি।গতকালের আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকলেও বক্তব্য দেননি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় কারারুদ্ধ বড় ছেলে তারেক রহমানের অবস্থা নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনের সময় তিনি কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়েন।অনুষ্ঠানের প্রধান অতিথি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের নানা ‘ব্যর্থতা’ তুলে ধরেন। তিনি বলেন, ‘এই সরকার নিজ দলীয়দের নিয়ন্ত্রণ করতে পারছে না। ছাত্রলীগ, যুবলীগের অত্যাচারে জনগণের পাশাপাশি সরকারও অতিষ্ঠ হয়ে উঠেছে।’ সরকারের হাত থেকে নিজেদের রক্ষা করতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান।নিজ দলের সমালোচনা করে বক্তব্য দেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল। তিনি খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘যখন আপনি প্রধানমন্ত্রী থাকেন তখন গুটিকতক লোক আপনাকে ঘিরে থাকে। এরা কোনো সমস্যাকে আপনার কাছে তুলে ধরে না। তৃণমূলের নেতা-কর্মীরাও তখন আপনার দেখা পায় না।’ অন্তত একটি নির্দিষ্ট দিনে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সাক্ষাত্ করার জন্য তিনি খালেদা জিয়াকে অনুরোধ করেন।অনুষ্ঠানের সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় প্রেসক্লাবের সভাপতি শওকত মাহমুদ বলেন, তারেক রহমান আবার রাজনীতিতে ফিরে আসবেন। বিএনপির হাল ধরবেন।স্বাগত বক্তব্যে ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ বলেন, ভোলা-৩ আসনে কোনো কারচুপি হলে সেখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।আলোচনায় অন্যান্যের মধ্যে আরও অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ বি এম ওবায়দুল ইসলাম প্রমুখ।কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে এ বছরের ৬ ফেব্রুয়ারি ইউনিয়ন প্রতিনিধি সভার বিষয়ে প্রথম আলোচনাটি অনুষ্ঠিত হয় সিলেটে। এরপর আরও ১১টি স্থানে এ ধরনের আলোচনা সভায় ৫৪টি জেলার প্রতিনিধিরা অংশ নেন।