আওয়ামী লীগ আগে দ্বন্দ্ব ছিল নেতৃত্ব নিয়ে। এখন টেন্ডারবাজি, চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থে
তৃণমূলের নেতা-কর্মীরা এখন সাংসদনির্ভর
তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক নিয়ন্ত্রণ ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কেন্দ্রীয়, জেলা বা উপজেলা কমিটির পরিবর্তে নেতা-কর্মীরা দলীয় সাংসদনির্ভর হয়ে পড়েছেন।তৃণমূলে দলাদলি বা বিভক্তি আগে শুধু নেতৃত্বের প্রতিযোগিতার কারণে হলেও এখন হচ্ছে টেন্ডারবাজি, চাঁদাবাজি বা ব্যক্তিস্বার্থে। মেয়াদোত্তীর্ণ কমিটি এবং সময়মতো কাউন্সিল না হওয়া তৃণমূলের এ সমস্যার অন্যতম কারণ বলে মনে করেন দলীয় নেতারা। এ ছাড়া জেলা ও থানা কমিটির মধ্যে সমন্বয় না থাকায় দলে সাংগঠনিক নিয়ন্ত্রণ কমছে।খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় নেতা বা সক্রিয় কর্মীদের সাংগঠনিক কাজে আগ্রহ নেই। তাঁরা সাংসদদের পেছন পেছন ঘোরেন। কারণ প্রশাসনে সাংসদদের প্রভাব বেশি। অনেক স্থানে টেন্ডারবাজি নিয়ে নেতা-কর্মীরা পরস্পর মারামারি ও সংঘর্ষে লিপ্ত হচ্ছেন। কোথাও খুনোখুনি পর্যন্ত হচ্ছে। সম্প্রতি রাজধানীর মহাখালী ও ইস্কাটন এলাকায় টেন্ডার নিয়ে বিরোধে যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষে দুজন নিহত হন।কয়েক মাস আগে রংপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের টেন্ডার নিয়ে যুবলীগের দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা ও কয়েকজনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলাও হয়। রংপুর জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতা পানি উন্নয়ন বোর্ডের টেন্ডার নিয়ে রাজশাহীর এক ঠিকাদারকে শহরের এক হোটেলে গিয়ে হুমকি দেন। এ ঘটনায় তাঁর নামে মামলা করেন ওই ঠিকাদার।সম্প্রতি একটি সেতু নির্মাণের কাজে নড়াইল সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মীর বাধার কারণে ঠিকাদারেরা টেন্ডার জমা দিতে পারেননি। এ রকম চিত্র দেশের অনেক স্থানেই। নেতারা দলীয় কার্যালয়ে যাওয়ার চেয়ে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য, সুবিধা ও তদবিরে বেশি ব্যস্ত। সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে কথা বলে জানা যায়, তৃণমূলে অভ্যন্তরীণ দ্বন্দ্বই এ মুহূর্তে দলের প্রধান সমস্যা।এ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রথম আলোকে বলেন, ‘আমরা তথ্য সংগ্রহ করছি। কারও বিরুদ্ধে অনৈতিক বা সংগঠনবিরোধী কাজের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’সংগঠনের এ রকম পরিস্থিতিতে আজ শুক্রবার থেকে তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠক শুরু করছেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সকাল ১০টায় এ বৈঠক শুরু হবে। আজ প্রথম দিনে কক্সবাজার জেলার তৃণমূলের নেতারা অংশ নেবেন। জেলার পূর্ণাঙ্গ কমিটি, উপজেলা ও পৌরসভা সভাপতি, সাধারণ সম্পাদক বা আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক, দলীয় উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংশ্লিষ্ট এলাকার সাংসদ বা মন্ত্রী এতে যোগ দেবেন।সূত্র জানায়, কক্সবাজারের পর পার্বত্য এলাকার তিন জেলার নেতাদের নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নেতারা আশা করছেন, বছর দেড়েকের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূলের বৈঠক শেষ হবে।সূত্র জানায়, দলীয় বেশ কয়েকজন সাংসদের কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী অসন্তুষ্ট। সংসদীয় দলের সভায় তিনি কয়েকবার সতর্ক করে দিয়ে বলেন, আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সাংসদদের বর্তমান কর্মকাণ্ড মূল্যায়ন করা হবে। এ ছাড়া যে এলাকায় টেন্ডারবাজি হবে, তার দায় নিতে হবে সংশ্লিষ্ট এলাকার সাংসদকে।আওয়ামী লীগের কয়েকজন নীতিনির্ধারকের মতে, সাংগঠনিক কর্মকাণ্ড না থাকায় কিছু নেতা-কর্মী অনৈতিক কাজে জড়িয়ে পড়েছেন। তাঁদের সাংগঠনিক কাজে ব্যস্ত রাখা গেলে এ সমস্যা নিরসন সম্ভব। তবে কয়েকজন সাংগঠনিক সম্পাদক মনে করেন, দলীয় কর্মকাণ্ড আছে। শাসক দলে এ রকম সমস্যা কিছুটা থাকতে পারে। তবে টেন্ডারবাজি ও দলীয় কোন্দল নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে।গত বছরের জুলাই মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের পর এ বছরের ৩০ জানুয়ারি গণভবনে আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। এতে দলের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করা হয়। ৮ ফেব্রুয়ারি থেকে জেলায় জেলায় বর্ধিত সভা ও ১৮ মার্চ থেকে কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক সফরের কর্মসূচি দেওয়া হয়। খোঁজ নিয়ে জানা যায়, সদস্য সংগ্রহ অভিযান খুব একটা সফল হয়নি। এখন পর্যন্ত ঢাকা মহানগরে সদস্য সংগ্রহ অভিযান শুরুই হয়নি। যদিও দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, সদস্য সংগ্রহ অভিযান লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ ছাড়া জেলার বর্ধিত সভা ও কেন্দ্রীয় নেতাদের সাংগঠনিক কর্মসূচি সারা দেশে শেষ করা যায়নি।এ ব্যাপারে আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় কর্মসূচি কোনো নির্দিষ্ট সময় ধরে চলে না। এটা চলমান প্রক্রিয়া। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বর্ধিত সভা ও সাংগঠনিক সফর হয়েছে, আরও হবে।জানা যায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দাপ্তরিক কাজে জড়িতরা ছাড়া অন্য নেতাদের আসা-যাওয়া খুব একটা নেই। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশে দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহকে ধানমন্ডির কার্যালয়ে নিয়মিত বসার নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যে তিনি কার্যালয়ে বসা শুরু করেছেন এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে একটি বৈঠকও করেছেন।সূত্র জানায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মহানগরের দায়িত্বে থাকলেও গত নয় মাসে তাঁরা সদস্য সংগ্রহ অভিযান শুরু করতে পারেননি। তা ছাড়া আজিজ-মায়াকে ঘিরে মহানগর আওয়ামী লীগে দুটি বলয় কাজ করছে। বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে মাঝেমধ্যে বৈঠক ডাকা ছাড়া মহানগরের কোনো সাংগঠনিক কাজ নেই।সূত্র জানায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও নুরুল ইসলাম বিএসসির বিরোধ কারও অজানা নেই। সম্প্রতি মেয়র নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীর পরাজয়ের পেছনে দলীয় বিরোধকেই দায়ী করছেন কেউ কেউ। বরিশাল মহানগর চলছে আবুল হাসানাত আবদুল্লাহকে ঘিরে। দলীয় বিরোধের কারণে খুলনা মহানগরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছিল। নতুন মহানগর রংপুরে কার্যত কোনো কমিটি নেই।জানা যায়, ২০০৬ সালের পর আওয়ামী লীগের কোনো জেলা বা থানা কমিটির কাউন্সিল হয়নি। ফলে তিন বছর মেয়াদি কমিটির মেয়াদকাল অতিক্রম করেছে সব জেলা ও উপজেলা শাখা। এ ছাড়া নয়টি জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই। এসব জেলায় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়েই গত চার বছর দলীয় কাজ চালানো হয়েছে। ১৯৯৮ সালের পর কাউন্সিল হয়নি নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, ফেনী, সুনামগঞ্জ, বরিশাল জেলা ও মহানগর, কুমিল্লা উত্তর ও দক্ষিণ, পটুয়াখালী এবং পিরোজপুর জেলায়। কয়েকবার উদ্যোগ নিয়েও এসব জেলার কাউন্সিল করা সম্ভব হয়নি বলে নেতারা জানান। আওয়ামী লীগের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত জেলা ও উপজেলা কমিটির কাউন্সিল শুরু করা যায়নি।এ ব্যাপারে জানতে চাইলে মাহবুবউল আলম হানিফ বলেন, সামনে পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এ নির্বাচনের পর পর্যায়ক্রমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটির কাউন্সিল হবে। এরপর জেলা কমিটির কাউন্সিল হবে। এ ছাড়া ছয়টি জেলার পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি।