তৃণমূলের বহু নেতা-কর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূলের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসের বহু নেতা-কর্মী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। জমি-বাড়ি কেনার ব্যবসাসহ তারা ব্যাপক দুর্নীতিতে জড়িয়েছে। চাঁদা নিয়ে তারা চাকরি দিচ্ছে। নাকের ডগার ওপর তারা চাঁদা তুলছে। আর এসব ঘটছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে। মমতা নিজেও জানেন এসব কথা। অথচ কোনো ব্যবস্থা নেন না।’ গতকাল সোমবার রবীন্দ্রনাথ ভট্টাচার্য সাংবাদিকদের এসব কথা বলেন। ঐতিহাসিক সিঙ্গুর থেকে নির্বাচিত এই বিধায়ক আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াকু-সংগ্রামী নেত্রী হলেও আদর্শ নেত্রী নন। তাই তাঁর কক্ষে মমতার ছবি রাখার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, প্রশাসনিক বৈঠকে মমতা একাই বক্তব্য দেন, একাই একতরফা সিদ্ধান্ত নেন। রবীন্দ্রনাথ হলেন রাজ্য মন্ত্রিসভার প্রথম মন্ত্রী, যিনি মমতার বিরুদ্ধে প্রকাশ্যে এমন কথা বললেন এবং সমালোচনা করলেন। এর আগে অবশ্য দলীয় সাংসদ গায়ক কবীর সুমন মমতার সমালোচনা ও বিরুদ্ধাচরণ করেছিলেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্য সিঙ্গুরের জমি টাটাকে দেওয়ার বিরুদ্ধে আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করলে তাঁকে কৃষিমন্ত্রী করা হয়। কিন্তু সম্প্রতি মন্ত্রিসভা রদবদলের সময় মমতা তাঁকে কৃষি মন্ত্রক থেকে সরিয়ে পরিসংখ্যান ও পরিকল্পনা মন্ত্রকের দায়িত্ব দেন। এতে ক্ষব্ধ হয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য এই দায়িত্ব গ্রহণ করেননি। এর পরই মমতাকে জানিয়ে দেন তিনি আর মন্ত্রিসভায় থাকবেন না।