তৃণমূলের মাথায় পচন ধরেছে
তৃণমূলের সাংসদ ও সংগীতশিল্পী কবীর সুমন বলেছেন, ‘দেড় বছরেই পশ্চিমবঙ্গ সরকারের ওপর থেকে মানুষের মোহ ভেঙেছে। যে আশা ও প্রত্যাশা নিয়ে মানুষ তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সেই স্বপ্ন ও আশা পূরণ হয়নি।’আজ শুক্রবার কলকাতার একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া একান্ত সাক্ষাত্কারে এ কথা বলেছেন সুমন।১ জানুয়ারি দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে তৃণমূলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুরুচিপূর্ণ জলসা প্রসঙ্গে সুমন বলেছেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। রাজ্যজুড়ে তৃণমূল যা করছে, তারই প্রতিফলন ঘটেছে ভাঙরে। তিনি বলেন, এসব ঘটনা দ্বারা প্রমাণিত হয়েছে, এ রাজ্যে সামাজিক বোধ ধর্ষিত।সুমন আরও বলেন, ‘এখন তৃণমূলের মাথায় পচন ধরেছে। তাই পা-কে দোষ দিয়ে লাভ কী? তিনি বলেন, সিপিএমের আমলেও এমনটা হতো না।’ ২০১১ সালের মে মাসে বামফ্রন্টকে হারিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে সুমন বলেন, ‘সিপিএমকে মমতা একা এ রাজ্য থেকে হারিয়ে দেননি। সিপিএমকে হারিয়ে দিয়েছে সিঙ্গুর, নন্দীগ্রাম, লালগড়।’