দলের তৃণমূলের সঙ্গে সম্পর্ক না থাকলে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হবে না বলে সাংসদদের হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এমনকি বর্তমান সব সাংসদ মনোনয়ন পাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে উপস্থিত একাধিক সাংসদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন সাংসদ জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়েই দলীয় মনোনয়ন দেওয়া হবে। এ ছাড়া সব নির্বাচনী এলাকার একাধিক জরিপ প্রতিবেদন তাঁর কাছে আছে। তৃণমূলের মতামত এবং জরিপ প্রতিবেদন মিলিয়ে দলীয় মনোনয়ন দেওয়া হবে। এ ক্ষেত্রে বর্তমান অনেক সাংসদ মনোনয়ন না-ও পেতে পারেন। তিনি সাংসদদের বলেন, এখনো সময় আছে। তৃণমূলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করুন। জনগণের আস্থা অর্জন করুন।বৈঠকে শেখ হাসিনা নারী সাংসদদের এলাকায় গিয়ে কাজ করার নির্দেশ দেন। এ ক্ষেত্রে সরাসরি নির্বাচিত সাংসদের সঙ্গে দ্বন্দ্ব বা বিবাদে জড়িয়ে না পড়ার ব্যাপারে তাঁদের সতর্ক করেন। তিনি বলেন, এতে তাঁদের আম-ছালা দুটোই যেতে পারে।প্রধানমন্ত্রী বলেন, এটাই সরকারের শেষ বাজেট। আর হয়তো একটি অধিবেশন হতে পারে। আগামী ২৫ অক্টোবর সরকারের শেষ সময়। এরপর সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবে এবং সে সরকারের অধীনে নির্বাচন হবে। তিনি সাংসদদের বাজেট বক্তৃতায় সরকারের গত চার বছরের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পরামর্শ দেন। একই সঙ্গে এলাকায়ও জনগণের সামনে উন্নয়ন তুলে ধরতে বলেন। এ ক্ষেত্রে সমুদ্রসীমা জয়সহ ১৯৪৭ সালের পর এই প্রথম দেশের সীমানা নির্ধারণ হওয়ার বিষয়টি তিনি উল্লেখ করেন।শেখ হাসিনা সংসদে বিরোধী দলকে আক্রমণ করে বক্তব্য না দিতেও দলীয় সাংসদদের নির্দেশ দেন। তিনি সিটি করপোরেশন নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সংশ্লিষ্ট সব সাংসদকে নির্দেশ দেন।বৈঠক সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এক সাংসদ টিআর বরাদ্দে ত্রাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে টিআর বরাদ্দে সমতার দাবি জানান। এ সময় বেশ কয়েকজন সাংসদ তাঁর বক্তব্য সমর্থন করেন। আবদুল্লাহ আল ইসলামসহ কয়েকজন সাংসদ তাঁদের এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি জানান।শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও বক্তব্য দেন আতিউর রহমান, আবদুল মালেক, শাহরিয়ার আলম প্রমুখ।