তৃতীয় বা বিকল্প শক্তির উত্থান এখনই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এই মুহূর্তে তৃতীয় বা বিকল্প শক্তির উত্থান হচ্ছে না। এটা সময়সাপেক্ষ ব্যাপার। তাই দুটি বৃহত্ দলের কাছ থেকে যতটা সম্ভব সুশাসন আদায় করে নিতে হবে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে দেশপ্রেমিক জনতার মঞ্চ আয়োজিত ‘আসন্ন সংসদ নির্বাচন ২০১৪: জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি একথা বলেন।গোলটেবিলে বিশেষ অতিথির বক্তব্যে ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতিতে দুটি শক্তি আছে। এখন দরকার একটি বিকল্প শক্তি। কিন্তু এটা নেই। এটা এখন সম্ভবও না। লম্বা সময়ের ব্যাপার। তা ছাড়া বর্তমান শক্তিগুলোর মধ্যে সংস্কারের কথাও বলা হচ্ছে। এই দুই শক্তির মধ্যে সংস্কার করে কিছু হবে না। তাই রাজনীতিতে শিগগির আশার আলো দেখা যাবে, এমনটা নয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক আরও বলেন, কেন্দ্রীয় ক্ষমতা কুক্ষিগত করতে গিয়ে প্রথম ভারত ভেঙে পাকিস্তান হয়েছে। পরবর্তী সময় বাংলাদেশ হয়েছে। রাষ্ট্র ছোট হচ্ছে কিন্তু সমাজের কোনো বদল হচ্ছে না। সব ক্ষমতা থাকছে প্রধানমন্ত্রী আর সচিবালয়ে। বাড়ছে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য। কমেছে দেশপ্রেম। তিনি বলেন, এখন যাঁরা ক্ষমতায় আসছেন, তাঁদের দিয়ে গণতন্ত্রকে সঠিক পথে পরিচালিত করতে হলে দরকার স্থানীয় সরকারব্যবস্থাকে কার্যকর করা এবং সেখানে যথার্থ নির্বাচিত ব্যক্তিকে বসানো। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের অর্থনীতি ধাপে ধাপে উন্নতি করেছে। কিন্তু রাজনীতিতে অবনতি হয়েছে। তিনি বলেন, অনেকেই মনে করে, এখন দরকার একটি তৃতীয় শক্তি। কিন্তু যে দুটি শক্তি বর্তমান, তাদের ক্ষমতা অনেক বেশি। এই পরিস্থিতিতে তৃতীয় শক্তি কবে হবে, তা হয়তো সমাজবিজ্ঞানীরাও বলতে পারবেন না। সাবেক এই উপদেষ্টা বলেন, তৃতীয় শক্তি যথার্থ উপায়ে গড়ে তুলতে হবে। এটা আসতে হবে তৃণমূল থেকে। তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ, উত্কণ্ঠা আছে। কিন্তু একটা নির্বাচন হলেই যে সমস্যা সমাধান হয়ে যাবে, তা নয়। নির্বাচন কেবল লক্ষ্যে পৌঁছানোর একটা ধাপ মাত্র। কিন্তু রাজনীতিবিদ ও দলগুলো মনে করে, নির্বাচনে জিতলেই সব পাওয়া হয়ে গেল। গোলটেবিলে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টি এ এম নুরুল বাসার। তিনি বলেন, এখনকার ধারা থেকে বের হয়ে আসতে চাইলে জনগণকে ভূমিকা রাখতে হবে। তাঁরা যদি ভালো সরকার চান, তবে তাঁদের ভালো প্রার্থীকে ভোট দিতে হবে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম. এনামুল হক। আরও বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী মুস্তাফিজুর রহমান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক প্রমুখ বক্তব্য দেন।