তৃতীয় কন্যাশিশু জন্ম দেওয়ায় মাকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে তৃতীয়বারের মতো কন্যাশিশু জন্ম দেওয়ায় পুত্রবধূকে গলা টিপে হত্যার অভিযোগে এক শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের স্বামীকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীর সদস্য। ঘটনার পরই তিনি পালিয়ে গেছেন। কুন্দুজ প্রদেশের খানাবাদ জেলার মাহফালায় গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ করা হয়েছে। খানাবাদের পুলিশপ্রধান সুফি হাবিব জানান, দুই মাস আগে স্তরি নামের ওই ২২ বছর বয়সী মা তাঁর তৃতীয় কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু পরপর তিনটি কন্যাশিশু জন্ম দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওই নারীর স্বামী এবং শাশুড়ি তাঁকে গলা টিপে হত্যা করেছে।পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, স্তরির স্বামী তাঁর গলা টিপে ধরেন এবং শাশুড়ি দড়ি দিয়ে কষে পা বেঁধে দেন। স্তরির এক প্রতিবেশী জানান, তিনি (স্তরি) বাড়িতে নয় যেন একটি দোজখে বাস করতেন। তাঁর স্বামী স্থানীয় একটি মিলিশিয়া বাহিনীর সদস্য। স্তরি প্রায়ই তাঁর স্বামীকে অস্ত্র ছেড়ে বাড়িতে থাকার অনুরোধ করতেন।দুই মাস বয়সী তৃতীয় কন্যাশিশুটি ভাল আছে। আফগানিস্তানে ছেলে শিশুর জন্ম হলে আনন্দ উত্সব করা হয়, আর কন্যাশিশুদের বোঝা মনে করা হয়। কুন্দুজ ওমেনস অ্যাফেয়ার্সের পরিচালক সাদিরা গেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘একজন নিরপরাধ নারীর ওপর এটি নির্মম অন্যায়।’স্থানীয় ধর্মপ্রাণ এবং আদিবাসী জ্যেষ্ঠ নেতারাও এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁরা এ হত্যাকাণ্ডকে ইসলাম, মানবতা ও নারীর বিরুদ্ধে ‘অপরাধ’ বলে মন্তব্য করে দ্রুত বিচার চেয়েছেন।আফগানিস্তানে ছেলেশিশু জন্ম দিতে না পারলে অনেক নারীকেই বিভিন্ন নির্যাতন সইতে হয়। গত বছর প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, ১৫ বছর বয়সী এক কিশোরী বধূকে তাঁর স্বামী আটকে রেখে নির্মম নির্যাতন করছে।এদিকে, আফগানিস্তানে নারী অধিকার কর্মীরা বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেছেন।