প্রস্তাব শূন্যপদের ৯০ শতাংশ নিয়োগে ছাড়পত্র লাগবে না
তৃতীয়-চতুর্থ শ্রেণীর পদে দেড় লাখ নিয়োগ হবে
সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মোট শূন্যপদের ৯০ শতাংশই এখন থেকে সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া পূরণ করা যাবে। তৃতীয়-চতুর্থ শ্রেণীর কর্মচারী ছাড়াও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর নন-ক্যাডার পদে নিয়োগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে প্রায় দেড় লাখ পদে নিয়োগ দেওয়া সম্ভব হবে। সরকারের এ সিদ্ধান্ত ডিসেম্বর মাস থেকে কার্যকর হবে। এখন এটি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই নিয়োগ দেওয়া যাবে। ফলে নন-ক্যাডার চিকিৎসক, সরকারি স্কুলের শিক্ষক এবং সমমর্যাদার অন্যান্য পদের নিয়োগও সম্ভব হবে এ প্রক্রিয়ায়। বর্তমানে এসব পদে নিয়োগের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ের পূর্বানুমতি বা ছাড়পত্র গ্রহণের বিধান রয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) লুৎফর রহমান বলেন, ‘বাড়তি চাপ দূর করতে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ নিয়ে আলোচনার পর নিয়োগের ক্ষেত্রে অযথা সময়ক্ষেপণ এড়াতে এ সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দেন।২০০৫ সালের নির্দেশনা বাতিল করে নতুন নির্দেশনার একটি সারসংক্ষেপ সংস্থাপন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। জানতে চাইলে সংস্থাপনসচিব ইকবাল মাহমুদ গত মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।সূত্র জানায়, বর্তমানে সংস্থাপন মন্ত্রণালয়ে যে-সংখ্যক পদের ছাড়পত্র চাওয়া হয়, বেশির ভাগ ক্ষেত্রে তার ৫০ শতাংশ দেওয়া হয়। তাও আবার ছাড়পত্র পেতে বছর খানেক লেগে যায়। এর মধ্যে আরও অনেক পদ শূন্য হয়ে যায়। ফলে কাজকর্মে অচলাবস্থা তৈরি হয়। তা ছাড়া সংস্থাপন মন্ত্রণালয় ছাড়পত্র দেওয়ার সময় নিয়োগের সময়সীমাও উল্লেখ করে দেয়। এর মধ্যে নিয়োগ করা না গেলে সময় বাড়ানোর আবেদন করতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে সময় বাড়ানো হয় না। ফলে নিয়োগ দেওয়াও সম্ভব হয় না।তবে সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বিদ্যমান ব্যবস্থার পক্ষে যুক্তি দিয়ে বলেছে, ছাড়পত্র নেওয়ার বিধান থাকায় সরকারের আর্থিক চাপ কম থাকে। কারণ বাজেট বরাদ্দ বিবেচনায় রেখে নিয়োগযোগ্য পদের অনুমোদন দেওয়া হয়। তা ছাড়া সংস্থাপন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ থাকায় যথেচ্ছভাবে নিয়োগের সুযোগও কম থাকে। তবে ছাড়পত্রের আবেদন খতিয়ে দেখতে ‘কিছুটা সময়’ ব্যয় হয় বলে সূত্র স্বীকার করেছে।২০০৪ সালে তখনকার বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্যপদের ৭০ শতাংশে নিয়োগের ক্ষেত্রে ছাড়পত্রের বিধান এক বছরের জন্য রহিত করা হয়েছিল। তখন ৮৬ হাজার পদে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এভাবে নিয়োগের ক্ষেত্রে সুস্পষ্ট বিধি না থাকায় সরকারি দলের প্রভাবশালী মহল ও মন্ত্রী-সাংসদদের সুপারিশই নিয়োগের প্রধান নিয়ামক হয়ে ওঠে। পরে আবার আগের নিয়মে ফিরে যাওয়া হয়।সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্তমানে মোট প্রায় আড়াই লাখ পদ শূন্য রয়েছে। ২০০৯ সালের জানুয়ারি পর্যন্ত হিসাব অনুযায়ী, প্রথম শ্রেণীর নন-ক্যাডার পদে প্রায় ১৫ হাজার, দ্বিতীয় শ্রেণীর পদে প্রায় ১৩ হাজার, তৃতীয় শ্রেণীর পদে প্রায় এক লাখ দুই হাজার এবং চতুর্থ শ্রেণীর প্রায় ৪২ হাজার পদ শূন্য রয়েছে। ইতিমধ্যে ২১ হাজার ৮১২টি পদের নিয়োগের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সব মিলিয়ে এসব পদে প্রায় দেড় লাখ লোক নিয়োগ দেওয়া সম্ভব হবে।সংস্থাপন মন্ত্রণালয়ের ছাড়পত্রের বিধির কারণে বাতিল হয়েছে রেলওয়ের প্রায় আট হাজার পদের নিয়োগ। ভূমি, স্বরাষ্ট্র, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় এবং বিভিন্ন সিভিল সার্জন অফিসের অনেক নিয়োগও বন্ধ হয়ে গেছে। তবে কিছু ক্ষেত্রে রাজনৈতিক কারণেও নিয়োগ বন্ধ রয়েছে।সংস্থাপন মন্ত্রণালয় ১৯৮৫ সালে বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বৃত্ত-ঘোষিত কর্মচারীদের আত্তীকরণের দায়িত্ব পাওয়ার পর এ ছাড়পত্রের বিধান চালু করে। এখন যেহেতু উদ্বৃত্ত কর্মচারীর তেমন চাপ নেই, তাই এ বিধানটিও আর চালু রাখার প্রয়োজন নেই বলে সংশ্লিষ্ট যুগ্ম সচিব জানান।উল্লেখ্য, চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা এ কমিটির প্রধান হয়ে থাকেন। কিন্তু নিয়োগের পরীক্ষাপদ্ধতি সম্পর্কে কিছু বলা নেই। পরে তৃতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে একই পন্থা অনুসরণ করতে নির্দেশনা জারি করা হয়।জানা যায়, ২০০৫ সালের সুশাসনবিষয়ক মন্ত্রিসভা কমিটি প্রশাসনিক সংস্কারে ১০ দফা নীতি অনুমোদন করে। এর মধ্যে একটি ছিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ। তৎকালীন সরকার-সমর্থক একশ্রেণীর কর্মচারীর বিরোধিতার মুখে এ সিদ্ধান্ত একপর্যায়ে স্থগিত করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, আউট সোর্সিংয়ের মাধ্যমে এসব পদ পূরণ করা হলে দলীয় বিবেচনায় ইচ্ছামাফিক নিয়োগের সুযোগ একেবারেই রহিত হতো।