তৃতীয় দিনের প্রথম সেশন আর ৩৫৪
‘আগে ৩৫৪ করি, তারপর অন্য কিছু ভাবা যাবে’—সাকিব আল হাসানের মধ্যে খুব তাড়া। কুঁচকির সমস্যাটা আছেই। নিয়মিত থেরাপি নিতে হয়। ঘুমাতে যাওয়ার আগে সেটি নিতে হবে। তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে তাই হোটেল রুমের দিকে রওনা হলেন বাংলাদেশ অধিনায়ক। মাথায় ঘুরছে ওই একটা সংখ্যাই—৩৫৪।৩৫৪ কীভাবে সম্ভব, নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগের ৮টি টেস্ট ম্যাচে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস যেখানে ২৬২। নিউজিল্যান্ডে তো আরও কম—২৫৪। অন্তত ইনিংসে না-হারা নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ঠিক এক শ বেশি।বাংলাদেশের ব্যাটসম্যানরা অবশ্য ব্যাপারটাকে একটু সহজ করে নিচ্ছেন। ৮৭ রান তো হয়েই গেছে, আর দরকার ২৬৭। এমন সুন্দর ব্যাটিং উইকেট, এ আর এমন কঠিন কি!আসলেই খুব কঠিন নয়। কাল সারা দিন মেঘলা আকাশের নিচেও সেডন পার্কের উইকেটে বল যেমন ব্যাটপ্রীতি দেখাল, তাতে কাছাকাছি শক্তির দুটি দল হলে এই টেস্ট নিশ্চিত ড্র হতো। কিন্তু এ তো বাংলাদেশ! ব্যাটিং উইকেটকেও যারা অবলীলায় বোলারদের মৃগয়া বানিয়ে দিতে ওস্তাদ।আবারও সেটিই হলো কি না, এতক্ষণে আপনি হয়তো তা জেনে গেছেন। এই লেখা পাঠকের হাতে যাওয়ার আগেই মহাগুরুত্বপূর্ণ তৃতীয় দিনের প্রথম সেশনটা শেষ হয়ে যাওয়ার কথা। বৃষ্টি আর আলোকস্বল্পতার খেয়ে নেওয়া সময়টা পোষাতে আড়াই ঘণ্টার সেশন। বাংলাদেশের অগ্নিপরীক্ষাও।কাল বাংলাদেশ ইনিংসের যে ১৭ ওভার, তাতে মনে হলো বাংলাদেশের ব্যাটসম্যানরা আগুন দিয়েই আগুনের সঙ্গে লড়তে প্রতিজ্ঞাবদ্ধ। তামিম ইকবাল আর ইমরুল কায়েসের উদ্বোধনী জুটি নিউজিল্যান্ডের ৫৫৩-কে থোড়াই কেয়ার করে ব্যাট চালাল। মাত্র ৩৯ বলে তামিমের ফিফটি, যাতে চোখ ধাঁধানো ১০টি চার। দিনের শেষে ৪৮ বলে ৫৬ রান করে অপরাজিত এবং ক্রমশই দলের সবচেয়ে বড় ব্যাটিং-নির্ভরতা হয়ে ওঠা বাঁহাতি ওপেনার এই উইকেটে ফলোঅন এড়াতে না পারার কোনো কারণ দেখছেন না।একটি উইকেট অবশ্য এরই মধ্যে নেই। দুই ওপেনার ১২.৪ ওভারেই ৭৯ রান তুলে ফেলার পর ইমরুল কায়েস গত হয়েছেন। বোলারের নাম যথারীতি ড্যানিয়েল ভেট্টোরি। ইমরুল সম্ভবত টার্নের কথা ভেবে খেলেছিলেন। কিন্তু এই সিরিজে ভেট্টোরি তো বাঁহাতি অনিল কুম্বলে! স্কিড করে যাওয়া ভেজা বল ইমরুলের ব্যাটের কানা নিয়ে স্লিপের হাতে। বাংলাদেশের ইনিংসটুকু আগে বলে নিলাম। কারণ মার্টিন গাপটিল আর ব্রেন্ডন ম্যাককালামে এলে আর তা বলার সময় থাকবে না! ৫ উইকেটে ১৫৮ হয়ে থরহরিকম্পমান নিউজিল্যান্ডকে এই দুজন নিয়ে গেলেন ৪৯৭ রানে। আগের দিনই ১০০ রানের জুটি হয়ে গিয়েছিল। কাল যোগ হলো আরও ২৩৯।সেডন পার্কে পাবলিক অ্যানাউন্স সিস্টেম একটু পরপরই সরব হয়ে উঠল এদের কল্যাণে। এই পার্টনারশিপে ১৫০ হচ্ছে, এই ২০০। দেখতে দেখতে ২৫০। ৩০০-ও হয়ে গেল একসময়। এই মার্টিন গাপটিলের সর্বোচ্চ টেস্ট স্কোর হচ্ছে, এই টেস্টে প্রথম সেঞ্চুরি, এই ম্যাককালাম ছাড়িয়ে গেলেন নিজের সর্বোচ্চ টেস্ট ইনিংস। ৩৩৯ রানের এই জুটি রেকর্ড বইয়ে কী ছাপ ফেলে গেল, সেটি বরং আলাদা করেই বলে ফেলা ভালো।যে রেকর্ড হয়েছে— বাংলাদেশের বিপক্ষে যেকোনো জুটিতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান। আগের রেকর্ড: তৃতীয় উইকেটে স্টিভেন ফ্লেমিং ও স্কট স্টাইরিসের ২০৪। ২০০৪ সালে চট্টগ্রামে। ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের নতুন পার্টনারশিপ রেকর্ড। ভেঙেছে জেফ ক্রো ও রিচার্ড হ্যাডলির ২৩ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে দুজনের জুটিটি ছিল ২৪৬ রানের। ব্রেন্ডন ম্যাককালামের ১৮৫ নিউজিল্যান্ডের কোনো উইকেটকিপারের সর্বোচ্চ ইনিংস। আগের রেকর্ডটি যাঁর ছিল, তিনি কাল কমেন্ট্রি বক্সে। ১৯৯০ সালে ভারতের বিপক্ষে অকল্যান্ডে ইয়ান স্মিথের ১৭৩ রানের ইনিংসটি এখন দুই নম্বরে।যে রেকর্ড হতে হতে হয়নি— ষষ্ঠ উইকেটে বিশ্ব রেকর্ডটি ছিল আর মাত্র ১২ রান দূরে। এই গত নভেম্বরে ভারতের বিপক্ষে আহমেদাবাদে শ্রীলঙ্কার দুই জয়াবর্ধনে—মাহেলা ও প্রসন্ন ভেঙেছেন ফিঙ্গলটন-ব্র্যাডম্যানের ৭২ বছরের পুরোনো রেকর্ড (৩৪৬)। গাপটিল-ম্যাককালামের ৩৩৯ ষষ্ঠ উইকেটে তৃতীয় সর্বোচ্চ। এক ইনিংসে দুই ডাবল সেঞ্চুরির ১৫তম উদাহরণটি হতে হতে হলো না। যে রকম স্বাচ্ছন্দ্যে খেলছিলেন গাপটিল-ম্যাককালাম, তাতে শেষ কীর্তিটা একরকম অবশ্যম্ভাবী বলেই মনে হচ্ছিল। হতে দেননি রুবেল। ম্যাককালামকে ফিরিয়েছেন ১৫ রান দূরে থাকতে। গাপটিল ছিলেন ১১ রান দূরে। পঞ্চম টেস্টে প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট। কিন্তু রানের ঘরে ১৬৬ আর ম্যাচের পরিস্থিতি রুবেল হোসেনকে সেভাবে হাসতে দিল কই!