তৃতীয় বর্ষপূর্তিতে দেশ টিভির ‘দেশ উত্সব’
২০০৯ সালের ২৬ মার্চ যাত্রা শুরু করে এ বছর তৃতীয় বর্ষপূতি উদযাপন করতে যাচ্ছে দেশ টিভি। এ উপলক্ষে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিনব্যাপী ‘দেশ উত্সব’-এর আয়োজন করেছে চ্যানেলটি। উত্সবের তিন দিন চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, সংগীতানুষ্ঠান, যন্ত্র সংগীতানুষ্ঠান, নাটকসহ বর্ণাঢ্য সব অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। ২৬ মার্চ দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটে প্রচারিত হবে কাওসার চৌধুরী পরিচালিত প্রামাণ্যচিত্র ‘সেই রাতের কথা বলতে এসেছি’। সকাল সাড়ে ১০টায় প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘দেশের যুদ্ধে বিদেশি বন্ধু’। জহির রায়হানের পরিচালনায় প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’ প্রচারিত হবে বেলা ১১টায়। এর পরপরই দেখানো হবে ‘স্টপ জেনোসাইড’- এর নেপথ্য কাহিনি নিয়ে প্রামাণ্যচিত্র ‘সেলুলয়েডের যোদ্ধা’। তারেক মাসুদের ‘মাটির ময়না’ প্রচারিত হবে বেলা আড়াইটায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রচারিত হবে ভয়েস অব আমেরিকার প্রামাণ্যচিত্র ‘১৯৭১ যুক্তরাষ্ট্র থেকে স্মৃতিচারণ’। সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্যচিত্র সায়মন ড্রিংয়ের রিপোর্ট ‘মার্চ ’৭১’। এ ছাড়া প্রচারিত হবে রাত নয়টা ৪৫ মিনিটে ওয়াহিদ তারেক পরিচালিত নাটক ‘ভবিষ্যতের স্মৃতি’, রাত ১১টা ৪৫ মিনিটে সুবীর নন্দী ও সামিনা চৌধুরীর সঞ্চালনায় সরাসরি গানের অনুষ্ঠান ‘উত্সবে আনন্দে’। ২৭ মার্চ বেলা তিনটায় ‘আড্ডাটা গান নিয়ে’ অনুষ্ঠানে অংশ নেবেন শুভ্র দেব, মাকসুদ, টিপু, ফুয়াদ নাসের বাবু প্রমুখ। বিকেল সাড়ে চারটা থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘দেশ উত্সব কনসার্ট’। এতে অংশ নেবেন মমতাজ, ব্যান্ড দল ফিডব্যাক, এলআরবি, দলছুট, সোলস। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক ‘কিছু ভুল তোমার, কিছু আমারই’। ২৮ মার্চ বেলা তিনটায় প্রচারিত হবে বাংলা ছায়াছবি ‘তোমার জন্য মরতে পারি’। বিশেষ অনুষ্ঠান ‘প-তে প্রতিষ্ঠাবার্ষিকী’ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে। সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটক ‘সেই রাতেও বৃষ্টি ছিল’ প্রচারিত হবে রাত নয়টা ৪৫ মিনিটে। রাত ১১টা ৪৫ মিনিটে প্রচারিত হবে সংগীতানুষ্ঠান ‘পবন দাশ বাউলের গান’।