তৃতীয় ম্যাচেও হারল বাংলাদেশ
ইংল্যান্ডের বিপক্ষে জয়টা অধরাই রয়ে গেল এবারও। ব্রিটিশরা ছাড়া সবগুলো টেস্ট দলের বিপক্ষে এক দিনের ম্যাচ জয়ের ইতিহাস ছিল বাংলাদেশের। তাই এবার হোম সিরিজে তিনটি ম্যাচের একটিতে অন্তত জয়ের আশা করছিল স্বাগতিক শিবির। কিন্তু সিরিজের শেষ ম্যাচে আজ চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়ামে ৪৫ রানে হেরে সেই আশা ভেস্তে যায়। পাশাপাশি আরও একবার হোয়াইট ওয়াশের লজ্জা।এর আগে ঢাকায় প্রথম দুটি এক দিনের ম্যাচেও পরাজিত হয়েছিল বাংলাদেশ। আজ শুক্রবার টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ২৮৪ রান সংগ্রহ করে। এতে বড় ভূমিকা ছিল ওপেনার কিসওয়েটারের। তাঁর ব্যাট থেকে আসে ১০৭ রান। বাংলাদেশের পক্ষে সাকিব ও আবদুর রাজ্জাক নিয়ন্ত্রিত বোলিং করেও ইংলিশদের রানের গতি রুখতে পারেননি। রাজ্জাক ৪০ রানে দুটি এবং সাকিব ৪৫ রানে একটি করে উইকেট নেন।২৮৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই হোঁচট খায় স্বাগতিকেরা। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান তামিম ইকবাল দলের খাতায় কোনো রান যোগ করার আগেই অভিষিক্ত আজমল সাজাদের বলে ক্যাচ আউট হয়ে ফিরে আসেন। তাঁর জায়গায় ব্যাট করতে নেমে চট্টগ্রামের অপর ব্যাটসম্যান আফতাব আহমেদ কিছুটা আশা জাগিয়েছিলেন। কিন্তু গত ম্যাচের মতো এবারও তিনি রান আউটের ফাঁদে পড়েন। তার আগে করেন ৪৬ রান। এরপর নিয়মিত বিরতিতে উকেট পড়তে পড়তে নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২৩৯ রান। মুশফিক দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন। ইংল্যান্ডের ব্রেসনান একাই নেন চারটি উইকেট।