ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির বাইরে জনগণের বিকল্প মঞ্চ হিসেবে তৃতীয় শক্তির উত্থান জরুরি। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব কটি সংসদীয় আসনেই প্রার্থী দেওয়ার কথা ভাবছে ‘নাগরিক ঐক্য’।‘নাগরিক সমাজ গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেছেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে নাগরিক ঐক্য।অনুষ্ঠানের প্রধান অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘১৯৯১ সাল থেকে দেশে যতবার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে ততবারই আমরা আশাহত হয়েছি। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গণতন্ত্রের লেশ মাত্র নেই। তারা মুখে গণতন্ত্রের কথা বলে। দুর্নীতি, দলীয়করণসহ সবদিক থেকেই এই দল দুটির একই চরিত্র আমরা খুঁজে পেয়েছি। এ অবস্থা থেকে উত্তরণ পেতে হলে বর্তমান পরিস্থিতিতে দেশে তৃতীয় শক্তির উত্থান জরুরি।’এম হাফিজউদ্দিন বলেন, ‘দেশের প্রধান দুটি রাজনৈতিক দল এখন নেতৃত্বশূন্য হয়ে গেছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্যই তৃতীয় শক্তি দরকার।’ নাগরিক ঐক্য কমিটির প্রতি আহ্বান জানিয়ে হাফিজউদ্দিন বলেন, ‘আপনারা বিজয়ী হতে পারেন আর-না পারেন, আমি চাই সংসদে কমপক্ষে ৫০টি আসনে আপনাদের প্রতিনিধিত্ব থাকুক। সেই অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই নাগরিক ঐক্যের এগিয়ে আসা দরকার।’ হাফিজউদ্দিন খানের এই বক্তব্যের পর নাগরিক ঐক্যের আহ্বায়ক ও অনুষ্ঠানের সভাপতি মাহমুদুর রহমান মান্না মাইক্রোফোনে শ্রোতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা কি সবাই তৃতীয় শক্তি চান?’ সবাই এ সময় হাত তুলে তাঁকে সমর্থন জানান। এরপর মান্না বলেন, ‘আপনারা বিভিন্ন জেলায় যাঁরা আছেন, তাঁরা একটি তালিকা দেবেন। আমরা ৩০০ আসনে নাগরিক ঐক্য সংগঠন থেকে নির্বাচন করার কথা ভাবছি।’ অনুষ্ঠানে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে বিনিময় হওয়া সব চিঠি জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান মান্না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অনুষ্ঠানে বলেন, ‘একজন দুর্নীতিবাজ মন্ত্রীর কারণে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থ বরাদ্দ বাতিল করেছে। এ জন্য বিশ্বের কাছে বাংলাদেশ ছোট হয়েছে। সরকারের এমন কী স্বার্থ আছে যে তাঁকে মন্ত্রী রাখতেই হবে। তিনি কি গোটা দুর্নীতিবাজদের প্রতিনিধিত্ব করেন? সুরঞ্জিতের মতো তাঁকেও সরানো হলে কী হতো?’ আসিফ নজরুল বলেন, ‘আমাদের সরকার ও বিরোধী দল ইতিহাসের সবচেয়ে অকর্মণ্য অবস্থায় আছে। এখন সুশাসনের জন্যে তৃতীয় কোনো শক্তির দরকার। নাগরিক ঐক্য সে ক্ষেত্রে এগিয়ে আসবে বলে আমি আশা করি।’ তিনি মাহমুদুর রহমান মান্নাকে হাঁক-ডাক ছেড়ে রাজনৈতিক দল গঠনেরও আহ্বান জানান।সভায় আরও বক্তব্য দেন আইনজীবী ড. তুহিন মালিক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক এস এম আকরাম, দৈনিক সমকালের ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান ও সাবেক উপমন্ত্রী গৌতম দেওয়ান প্রমুখ।