তৃতীয়টি একেবারেই আলাদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে আজ রাতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ইকারুসের ডানা। নাটকটি লিখেছেন হূদি হক। কামরুজ্জামান রনির সঙ্গে যৌথভাবে নাটকটি পরিচালনা করছেন তিনি। পাশাপাশি অভিনয়ও করছেন। কথা হলো হূদির সঙ্গে।‘ইকারুসের ডানা’ নাটকের গল্প প্রসঙ্গে কিছু বলুন।ইকারুসের দুই কাঁধে সাদা দুটো মোমের ডানা বাঁধা হলো। ওড়ার নেশায় মেতে উঠল ইকারুস। তাকে নিষেধ করা হলো, সূর্য যেন এই ডানা ছুঁতে না পারে। নিষেধ অমান্য করে ইকারুস অনেক ওপরে ওড়ার চেষ্টা করে। মোমের ডানা হার মানে সূর্যের কাছে। ওপরে ওড়ার নেশায় মত্ত ইকারুসকে মাটি টেনে নেয়। মাটিতে হাঁটতে হবে জেনেও মানুষ উড়তে চায়, ছুঁতে চায় সূর্য। এই সূর্য ছোঁয়ার খেলায় কজন পারে মোমের ডানা অক্ষত রাখতে! এমনি ভাবনা থেকে আমি নাটকটি লিখেছি।আপনি তো এর আগেও ধারাবাহিক নাটক লিখেছেন, পরিচালনা করেছেন।আমার লেখা প্রথম ধারাবাহিক আমাদের আনন্দবাড়ি। ওটা ছিল এক মধ্যবিত্ত পরিবারের গল্প। এরপর লিখেছি নাইন্টিন টুয়েন্টি। পরিচালনাও আমিই করেছি। এই নাটকের গল্প ১৯-২০ বছর বয়সী ছেলেমেয়েদের জীবনের জটিলতা ও ভালো লাগা নিয়ে। ওই দুটি নাটক থেকে ইকারুসের ডানা পুরোপুরি আলাদা করতে চেয়েছি। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক জীবনের দ্বন্দ্ব ও সংঘাত দেখাতে চেয়েছি। আর তা অবশ্যই বিস্তৃত পরিসরে। আমার এই নাটকের দৈর্ঘ্য হবে ১০৪ পর্ব। বাড়তেও পারে।নাটকে আপনি অভিনয়ও করছেন?হ্যাঁ, তবে আমার অংশটি শুরু হবে আট নম্বর পর্ব থেকে। নাটকে আমার মা একসময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন। আর আমি বাম রাজনীতির সঙ্গে জড়িত। এর মধ্য দিয়ে সমাজটাকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখি। আবার মায়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। আপনি তো আরেকটি ধারাবাহিক তৈরি করছিলেন। ওটার কী খবর?ওটার নাম দেয়াল। ১৩ পর্ব পর্যন্ত কাজ করেছি। এরই মধ্যে ইকারুসের ডানা নাটকটি বৈশাখী টিভির সঙ্গে চূড়ান্ত হওয়ায় দেয়াল-এর কাজ আপাতত স্থগিত রেখেছি। শিগগিরই আবার ওটার কাজ শুরু করব।