তৃষ্ণায় ডাবের পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আল্লাহর কি কুদরত, গাছের আগায় শরবত।’ ধাঁধার উত্তর পারেন কি না পারেন, সেই কুদরতি শরবত যে আপনি একবার হলেও খেয়েছেন, সে কথা হলফ করে বলা যায়। কেননা মানুষের ক্ষুধা-তৃষ্ণা নিবারণে প্রকৃতির অদ্ভুত এক সৃষ্টি এটা। যেমনি তার স্বাদ, তেমনি তার গুণ। হ্যাঁ, ঠিক ধরেছেন, ডাবের কথাই হচ্ছে।গরমের দুপুরে সতেজ, সুন্দর একটা ডাব কেটে মুখের সামনে ধরলে কী যে আনন্দ হয়, সে আর বলার অপেক্ষা রাখে না। তৃষ্ণা নিবারণ তো হয়ই, ডাবের স্বাদও অন্য রকম। এর সঙ্গে কি কোনো কোমল পানীয় বা শরবতের তুলনা চলে? ঢাকায় কিছু নারকেলগাছ থাকলেও শহরের বিক্রি হওয়া ডাবের প্রায় পুরোটাই আসে ঢাকার বাইরে থেকে। ঢাকা-আরিচা সড়ক দিয়ে যে ডাব শহরে আসে তার উৎস হচ্ছে খুলনা ও যশোর এলাকা। ধামরাই-সাভার থেকেও কিছু কিছু ডাব এ পথ দিয়ে ঢাকায় এসে পৌঁছায়। এর মধ্যে খুলনা ও সাভারের ডাব স্বাদে অতি চমৎকার।ডাবের আরেকটি উৎস হলো বরিশাল ও চাঁদপুর। লঞ্চে এ ডাব আসে প্রথমে সদরঘাটে। সেখানে ‘ডাবের ঘাট’ বলে একটা জায়গা আছে, যেখানে পাইকারি দরে ডাব কিনতে পাওয়া যায়। ডাবের ঘাটে যেসব ডাব পাওয়া যায় তার মধ্যে বরিশালের ডাবের অন্য রকম কদর রয়েছে। বরিশালের ডাব আকারে বেশ বড় এবং দেখতে সুন্দর, পানিও বেশ মিষ্টি। বিক্রমপুরের সুস্বাদু ডাবও ঢাকায় আসে।কারওয়ান বাজারে রয়েছে ডাবের বিশাল আড়ত। দেশের বিভিন্ন জায়গা থেকে ডাব আসে এখানে। এখান থেকেও শ হিসেবে পাইকারি দরে ডাব কিনে নিয়ে যায় খুচরা বিক্রেতারা।শহরের খুচরা বিক্রেতারা ডাব বিক্রি করেন রিকশাভ্যানে করে। খুচরা বিক্রেতাদের কেউ কেউ অবশ্য ঝাঁকায় করেও ডাব বিক্রি করেন। এ ছাড়া ফলের দোকানেও মেলে ডাব। তবে ডাবের জন্য বিখ্যাত একটা রাস্তার কথা না বললেই নয়। ধানমন্ডির সাতমসজিদ রোডে গেলে দেখা যাবে, ফুটপাতের পাশে একটু পরপরই আছে ডাবভর্তি রিকশাভ্যান। এখানকার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, তাঁরা বহু বছর ধরে এখানে ডাবের ব্যবসা করেন। ডাব নিয়ে তাঁদের কারবার বহুদিনের পুরোনো, কারও কারও আজন্ম। প্রতিদিন ভোরে পাইকারেরা এখানে ট্রাক ভরে ডাব আনেন দেশের বিভিন্ন এলাকা থেকে। এগুলো খুচরা বিক্রেতারা কিনে সারা দিন ধরে বিক্রি করেন এ রাস্তায়। লোকজনের সমাগম এ রাস্তায় বেশ, তাই ক্রেতাও জোটে প্রচুর। আর ভালো ডাবের খোঁজে নগরের অন্যান্য এলাকা থেকেও ক্রেতারা আসেন এখানে। এ ছাড়া রাজধানীর হাতিরপুল, নিউমার্কেট এলাকায় বেশ কিছু দোকান রয়েছে, যেখানে সব সময় ডাব বিক্রি হয়।শীতকালে চাহিদা কম থাকে বলে স্বাভাবিকভাবেই ডাবের দাম তখন কমে যায়। আর গরমকালে চাহিদা বাড়ে, তাই দামও বেড়ে যায়। ডাব বড় হলে দাম সাধারণত ২৫ থেকে ৪০ টাকা পর্যন্ত ওঠানামা করে। আর ছোট হলে ১০ থেকে ২০ টাকা।বিক্রেতারা জানান, যে ডাবের রং গাঢ় সবুজ অর্থাৎ মাথার দিকে সাদাটে হলুদ ভাব নেই, ওই ডাব স্বাভাবিকভাবে মিষ্টি হবে। রং গাঢ় হওয়ার অর্থ হলো, ডাব ‘বাত্তি’ হয়েছে। এ ধরনের ডাবে শাঁসও থাকে আবার পানিও মিষ্টি হয়। কিন্তু ডাব যদি বেশি পরিপুষ্ট হয় এবং গা শুকিয়ে হালকা খয়েরি রং ধরে যায়, তাহলে বুঝতে হবে এ ডাবটি নারকেলে রূপ নিয়েছে। এ ডাবের পানি মিষ্টি হলেও পানি থাকবে কম, শাঁস হবে শক্ত ও পুরু।কচি ডাবের পানি যদিও তেমন মিষ্টি নয়, কিন্তু এর চাহিদা রয়েছে। ডাবওয়ালাদের সঙ্গে কথা বলে জানা গেল, কচি ডাব অনেক রোগীই খায় পথ্য হিসেবে। অনেকে আবার মুখ ধোয়ার জন্যও কচি ডাবের পানি খোঁজে। কচি ডাবের পানি দিয়ে মুখ ধুলে মুখের দাগ চলে যায়, মুখ উজ্জ্বল দেখায়। সে জন্য শহরের রূপসচেতন নারীদের কাছে কচি ডাবের কদর অন্য রকম। তবে মুখের দাগ যাক কিংবা না যাক, ডাবের দাগ কাপড়ে লাগলে কিন্তু সহজে ওঠে না। একমাত্র লেবু ডলে অনেক কসরত করার পর দাগ তোলা যায়। তাই ধোপদুরস্ত কাপড় পরে ডাব খাওয়ার সময় ডাবওয়ালার কাছ থেকে স্ট্র চেয়ে নিতে ভুলবেন না। আর যানবাহনে বসে ডাবের পানি পান করার আগে ভেবে নিন, হাতের ডাবটি অজ্ঞান পার্টির সদস্যদের গছানো নয় তো?