তেঁতুলিয়া ও হাতিয়ায় বজ্রপাতে তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা এবং নোয়াখালীর হাতিয়া উপজেলায় গতকাল শনি ও আজ রোববার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের তেঁতুলিয়া মাগুরমারী এলাকায় বজ্রপাতে দুজন নিহত এবং একজন আহত হয়েছেন। গতকাল শনিবার রাত নয়টার দিকে বজ্রপাতে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন—বজ্রপাতে আহত হামিদুলের (৩০) স্ত্রী শিরিনা (২৫) এবং ভাই আতিমুল (২৫)। হামিদুল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারী গ্রামের আতিমুল ও হামিদুল ঘরে এবং শিরিনা পাশে রান্নাঘরে কাজ করছিলেন। রাত নয়টার দিকে বিদ্যুত্ চমকিয়ে বজ্রপাত হয়। এতে আতিমুল ও শিরিনা ঘটনাস্থলেই মারা যান। তেঁতুলিয়ার উপজেলা চেয়ারম্যান মোক্তারুল হক বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। আমাদের হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীা দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নে বজ্রপাতে নুরুদ্দীন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তাঁর বাবার নাম মজল করিম। তিনি নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামপুর গ্রামের বাসিন্দা। নিঝুম দ্বীপ জুনিয়র উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে নুরুদ্দীনের মৃত্যু হয়।