১১তম এসএ গেমসে সোনাজয়ী তেঁতুলিয়ার তিন নারী কৃতী খেলোয়াড় ও এক নারী ফুটবলারকে গণসংবর্ধনা দিয়েছে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। ২০ মার্চ তেঁতুলিয়া ইক্ষু ক্রয়কেন্দ্র মাঠে এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান উপস্থিত ছিলেন। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফরিদা আখতার, জেলা প্রশাসক বনমালী ভোমিক, পুলিশ সুপার শাহরিয়ার রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তারুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে অনষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এসএ গেমসে তায়কোয়ান্দো খেলায় সোনাজয়ী শারমিন ফারজানা, কাবাডিতে রৌপ্য পদকজয়ী মালেকা বেগম, শুটিংয়ে ব্রোঞ্জ পদকজয়ী ফারজানা কাওসার এবং মহিলা ফুটবলের খেলোয়াড় রৌশন আকতারকে গণসংবর্ধনা দেওয়া হয়। এর আগে কাজী শাহাবুদ্দীন বালিকা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা এই চার কৃতী খেলোয়াড়কে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য র্যালি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানে এসে যোগ দেয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রত্যেককে ১০ হাজার টাকার একটি করে চেক, ক্রেস্ট ও প্রাইজবন্ড প্রদান করেন। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিচালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।