তেঁতুলিয়ায় বিডিআর-বিএসএফ সেক্টর পর্যায়ের সম্মেলন শুরু
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিডিআর-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ের দিনব্যাপী সীমান্ত সমন্বয় সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। সম্মেলনে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) পক্ষে দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল সালেহ আহমেদ ও রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষে কিষাণগঞ্জ সেক্টরের ডিআইজি এম এফ খান নেতৃত্ব দিচ্ছেন। বেলা ১১টায় তেঁতুলিয়ার গণসাহায্য সংস্থার ভবনে এই সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।বিডিআরের পক্ষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে একটি শূন্যাকৃতির মনুমেন্ট নির্মাণ, বাংলাবান্ধা স্থলবন্দরের সীমান্ত শূন্য রেখা থেকে সড়কে বাতি স্থাপন, সীমান্ত সমস্যা, উভয় দেশের সীমান্তরক্ষীদের সম্পর্ক উন্নয়ন ও সীমান্তে নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা ইত্যাদি বিষয় আলোচনায় স্থান পাবে। অন্যদিকে বিএসএফের পক্ষ থেকে ভারতীয় ভূখণ্ড থেকে বাংলাদেশিদের পাথর উত্তোলন, ভারতীয় চা বাগানের ক্ষতিসাধন, দুই দেশের সীমান্ত সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হবে বলে বিডিআর সূত্রে জানা গেছে।সম্মেলন শেষে উভয়পক্ষ একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন বলে রংপুর সেক্টরের কমান্ডার কর্নেল খায়রুজ্জানান জানান।এর আগে সকাল সাড়ে ১০ টায় ১৮ সদস্যের বিএসএফ প্রতিনিধিদলটি তেঁতুলিয়া সদরের কাজীপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিডিআরের দিনাজপুর ও রংপুরের সেক্টর কমান্ডাররা ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান।