তেঁতুলিয়ায় স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী সুলতানা বেগমকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী আবদুস সাত্তার (৩৫)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তেঁতুলিয়া থানার পিঠা খাওয়া গ্রামে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, তেঁতুলিয়া উপজেলার তীরনই ইউনিয়নের পিঠা খাওয়া গ্রামের সাত্তার বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী সুলতানাকে শ্বাসরোধ এবং ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। মৃত্যু নিশ্চিত করে তিনি রাত ১১টার দিকে তেঁতুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে বলেন, ‘আমি স্ত্রীকে হত্যা করেছি। আমারে গ্রেপ্তার করুন।’আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আর আবদুস সাত্তারকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করে পঞ্চগড় মুখ্য বিচারিক আদালতে পাঠিয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, এক বছর আগে আবদুস সাত্তার ভালোবেসে সুলতানাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। ঘটনার আগেও দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল। সুলতানা তেঁতুলিয়া এলজিইডির দ্বিতীয় গ্রামীণ উন্নয়ন প্রকল্পে কর্মী হিসেবে কাজ করতেন।তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেন্দ্রনাথ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।