সরকারঘোষিত ন্যূনতম বেতন অবিলম্বে বাস্তবায়নের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল ও আশুলিয়ায় তৈরি পোশাকশ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। নারায়ণগঞ্জের ফতুল্লায় গত তিন দিনে পোশাক কারখানা, বাড়ি ও দোকানপাটে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৬ জনের নামোল্লেখসহ তিন হাজার পোশাকশ্রমিকের বিরুদ্ধে ফতুল্লা থানায় গত সোমবার রাতে মামলা করা হয়েছে।তেজগাঁও শিল্পাঞ্চল: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা সোয়া তিনটার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের কয়েকটি পোশাক কারখানার প্রায় দেড় হাজার শ্রমিক ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ শুরু করেন। তাঁরা গুলশান-তেজগাঁও সংযোগ সড়কের কাছে হা-মীম গ্রুপের পোশাক কারখানার দিকে যেতে চাইলে কারখানার অদূরে পুলিশ বাধা দেয়। শ্রমিকেরা পুলিশকে জানান, তাঁরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবেন না। কেবল বাইরে থেকে ওই কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাবেন। পুলিশ বাধা সরিয়ে নিলে শ্রমিকেরা হা-মীম গ্রুপ ও পাশের আজিজ টোপাজ কারখানার শ্রমিকদের তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান। তবে হা-মীম গ্রুপ ছাড়া অন্য দুটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে আসেন। বিক্ষোভকারীরা একপর্যায়ে হা-মীম গ্রুপের কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা ও জলকামান থেকে পানি ছিটিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে তাঁরা বিভিন্ন গলিতে অবস্থান নেন। কিছুক্ষণ পর তাঁরা আবার রাস্তায় এসে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ সময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে ১০ শ্রমিক আহত হন। প্রায় পৌনে এক ঘণ্টা এ অবস্থা চলে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শ্রমিকেরা তিব্বত মোড়ে জড়ো হলে পুলিশ ধাওয়া করে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। হা-মীম গ্রুপের নির্বাহী পরিচালক এ কে এম শরীফুর রহমান জানান, পদ্মা, নিডেল ও নাসা গ্রুপের পোশাক কারখানার শ্রমিকেরা তাঁদের কারখানায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। শ্রমিকেরা ঢুকতে না পেরে ঢিল ছুড়ে কারখানার কাচ ভাঙচুর করেন। তিনি জানান, সকাল থেকে ছুটি হওয়ার আগ পর্যন্ত তাঁদের কারখানার সাড়ে চার হাজার শ্রমিকের সবাই যথারীতি কাজ করেছেন।পোশাকশ্রমিক আবু বকর জানান, সরকারঘোষিত বেতন দিতে কারখানার মালিকেরা কালক্ষেপণ করছেন। তাঁরা এ মাস থেকেই বর্ধিক বেতন চান।আরেক শ্রমিক কোহিনূর বেগম জানান, হেলপারদের বেতন বাড়ানো হলেও মেশিন অপারেটরদের বেতন বাড়েনি। অপারেটরদের ন্যূনতম বেতন পাঁচ হাজার টাকা করার ঘোষণা না দেওয়া হলে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন।ঘটনাস্থলে উপস্থিত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ সেলিম প্রথম আলোকে জানান, বিক্ষোভে অংশ নেওয়া পোশাকশ্রমিকদের বেশির ভাগই নারীশ্রমিক। পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের চারটি শেল ও জলকামান থেকে পানি ছিটিয়েছে।আশুলিয়া: আশুলিয়া থানা ও বিভিন্ন সূত্র জানায়, আশুলিয়ার জামগড়ার গ্রিনলাইফ কারখানার শ্রমিকেরা নতুন বেতনকাঠামো দ্রুত বাস্তবায়নের দাবিতে সকাল সাড়ে আটটার দিকে কাজ বন্ধ করে সড়কে এসে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সাড়ে নয়টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।একই এলাকার দি রোজ পোশাক কারখানার শ্রমিকেরাও কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁদের কাজে ফেরাতে ব্যর্থ হয়ে দুপুর ১২টার দিকে কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করে। এরপর শ্রমিকেরা বাড়ি চলে যান। পরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কারখানা কর্তৃপক্ষ বৈঠকে বসে।ডিজাইনার জিনস নামের কারখানার শ্রমিকেরাও সকাল থেকেই কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। কর্তৃপক্ষ তাঁদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে শ্রমিকেরা বেলা তিনটার দিকে কাজে যোগ দেন।দু-একটি কারখানা ছাড়া আশুলিয়া ও সাভারের সব কারখানাই সকালে খুলেছে, যথারীতি কাজও হয়েছে। তবে শেড ফ্যাশন নামের কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকেরা জানান, নতুন বেতনকাঠামো বাস্তবায়নে মালিকেরা নানা কৌশল নিতে পারেন। এ কারণেই তাঁরা এটি দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করছেন। তাঁদের বিশ্বাস, আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় হয় না।আশুলিয়া থানার উপপরিদর্শক মোস্তফা কামাল তিনটি কারখানায় শ্রমিক বিক্ষোভের কথা নিশ্চিত করেছেন।নারায়ণগঞ্জ: শনি থেকে সোমবার পর্যন্ত ফতুলা শিল্পাঞ্চলের কাঠেরপুল ও আশপাশের এলাকায় পোশাক কারখানা, দোকানপাট, বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ফতুল্লা থানায় ৪৬ জনের নামোল্লেখসহ তিন হাজার পোশাকশ্রমিককে আসামি করে সোমবার রাতে মামলা হয়েছে। থানার উপপরিদর্শক শহীদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।সোমবার রাতে ফতুল্লা থানার পুলিশ লামাপাড়া, কুতুবাইল, কোতোয়ালেরবাগ, শিবু মার্কেট, শেহাচর থেকে ১১ জন পোশাকশ্রমিককে গ্রেপ্তার করে। তাঁরা হলেন মতিন (২০), শহীদুল (২১), রবিউল (২০), শহীদুল (২৪), বিলাল (২৪), রেজাউল (২২), কবীর (২১), হাবিবুর (২০), সাইদুল (৩০), শোয়েব (২২) ও রাসেল (৩০)।ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, শ্রমিক নামধারী কিছু ব্যক্তি সাধারণ শ্রমিকদের উসকে দিয়ে গত তিন দিন তাণ্ডব চালিয়েছে। গ্রেপ্তারকৃতদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। এঁরা রড, দা, কাঁচি নিয়ে পুলিশের ওপর হামলা চালান। হামলা ও ভাঙচুরে বিশেষ কোনো মহলের প্ররোচনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।গতকাল ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক ছিল অনেকটা শান্ত। শুক্রবার পর্যন্ত বন্ধঘোষিত তিনটি পোশাক কারখানা ছাড়া এখানকার অর্ধশতাধিক কারখানায় কাজ হয়েছে। বন্ধঘোষিত কারখানা তিনটির শ্রমিকেরা সকালে কাঠেরপুলে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। ভোর থেকে শিবু মার্কেট, কাঠেরপুল, পোস্ট অফিস রোড, সস্তাপুরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।এদিকে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি ও গার্মেন্টস শ্রমিক সংগ্রাম পরিষদের সমন্বয়ক মাহবুবুর রহমান ইসমাইলকে হয়রানির প্রতিবাদে সংগঠনটি বিকেলে শহরে বিক্ষোভ মিছিল করে। সংগঠনের নেতারা বলেন, জেলা গোয়েন্দা পুলিশ ইসমাইলকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। পুলিশ শান্ত পরিস্থিতিকে অশান্ত করে তুলছে।জেলা গোয়েন্দা পুলিশের ওসি মইনুর রহমান বলেন, ঢাকায় শ্রমিকদের বিক্ষোভ, ভাঙচুরের ঘটনায় করা মামলায় মাহবুবুর রহমান ইসমাইলকে আসামি করা হয়েছে। তাই তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।