তেজগাঁও টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তেজগাঁও টেক্সটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। তিনি বলেন, ২০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া জাতীয় সংসদের ষষ্ঠ অধিবেশনের প্রথম সপ্তাহেই টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপন করা হবে। ইতিমধ্যে বিলটি মন্ত্রিসভা বৈঠক ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির অনুমোদন লাভ করেছে। বিলটি সংসদে পাস হলে বিশ্ববিদ্যালয়ের বাস্তবায়ন কাজ দ্রুত শুরু হবে।আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে অনলাইন ভর্তি পরীক্ষা পদ্ধতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তথ্য জানান।শিক্ষামন্ত্রী বলেন, ‘৭০ হাজারের বেশি বিদেশি শ্রমিক আমাদের দেশের পোশাকশিল্পে কাজ করছে। এ শিল্পের দক্ষ শ্রমিকের চাহিদা মেটাতেই তেজগাঁও টেক্সাটাইল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’নাহিদ বলেন, দীর্ঘদিন থেকে দেশে কারিগরি শিক্ষা অবহেলিত। সরকার এ অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। এর মধ্যে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটসহ ২৫টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের কাজ শুরু হয়েছে। এ ছাড়া সরকার দেশের প্রত্যেকটি উপজেলায় কারিগরি স্কুল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।অনলাইনে প্রথমবারের মতো পরীক্ষা পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ছাত্রছাত্রীদের জন্য পরীক্ষা পদ্ধতি সহজতর ও তাদের বিড়ম্বনা দূর করতে এবং সর্বক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।শিক্ষামন্ত্রী বলেন, ভর্তির ক্ষেত্রে জালিয়াতি, চাঁদাবাজি, দলীয়করণসহ যাবতীয় অনিয়ম দূর করতে এবং মেধাবীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে পর্যায়ক্রমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই অনলাইন পরীক্ষা পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে।বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নিতাই চন্দ্র সূত্রধর, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন।দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে দুই শিফটে আসনসংখ্যা ২০ হাজার ৪৮০টি। গত ২৩ জুলাই অনুষ্ঠিত প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় প্রায় ৫৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।আজ অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা। যেখানে ১০ হাজার ২৪০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ৩৩ হাজার ৬৪২ জন। সারা দেশের ৩৭ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাসস