তেজগাঁও বিমানবন্দর পরিত্যক্ত নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময় পত্রপত্রিকায় এবং বেসরকারি টিভি চ্যানেলে মেট্রোরেল বাস্তবায়নে বিমানবাহিনীর মতামত-সংক্রান্ত বিভিন্ন সংবাদ প্রকাশ পায়। এ বিষয়ে বিমানবাহিনী তার অবস্থান তুলে ধরেছে।৬ অক্টোবর দেওয়া বিমানবাহিনীর বক্তব্যে বলা হয়, তেজগাঁও বিমানবন্দরটি অব্যবহূত বা পরিত্যক্ত নয়। এটি সম্পূর্ণভাবে সচল বিমানঘাঁটি। যেখান থেকে বিমানবাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে সব ধরনের হেলিকপ্টার, প্রশিক্ষণ বিমান, জেট বিমান ও বৃহদাকার পরিবহন বিমান (৪ ইঞ্জিনবিশিষ্ট সি-১৩০) পরিচালনা করে থাকে। এই বিমানবন্দর থেকে প্রতিবছর শুধু বিমানবাহিনীই ১০ হাজার ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করে থাকে। এ ছাড়া এখান থেকে নিয়মিত ভিভিআইপি ও ভিআইপি ফ্লাইটসহ জরুরি ত্রাণসামগ্রী বহনের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়ে থাকে। যেকোনো বিমানবন্দরের চারপাশে স্থাপনা তৈরির ক্ষেত্রে স্থাপনার উচ্চতা সিভিল অ্যাভিয়েশন বিধি (সিএআর-৮৪) এবং বাংলাদেশ গেজেট ৮৪ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। সে অনুযায়ী রানওয়ের অ্যাপ্রোচ ফানেলের নিকটবর্তী স্থানের স্থাপনার সর্বোচ্চ উচ্চতা রানওয়ে থেকে দূরত্বের সঙ্গে ১ ঃ ৫০ আনুপাতিক হিসাব অনুযায়ী নির্মাণ করা যেতে পারে। বিজয় সরণি দিয়ে পরিকল্পিত মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ রানওয়ে থেকে ৭০১ ফুট দূরে অবস্থিত। সেই অবস্থানে ১৪ ফুটের বেশি উচ্চতায় কোনো স্থাপনা তৈরি বিমান উড্ডয়ন নিরাপত্তার পরিপন্থী। কিন্তু বিজয় সরণির এমআরটি লাইন-৬-এর উচ্চতা ৬২ ফুট হওয়ায় বিমান অবতরণকালে ল্যান্ডিং অ্যাপ্রোচের উচ্চতা বাড়াতে হবে। সে ক্ষেত্রে বিমানকে রানওয়ের প্রথম ভাগের একটি বড় অংশ বাদ দিয়ে অবতরণ করতে হবে। এতে ব্যবহার্য রানওয়ের দৈর্ঘ্য আশঙ্কাজনক হারে হ্রাস পাবে, যা বিমানবন্দরটিকে জঙ্গি বিমান ও পরিবহন বিমানের অবতরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলবে।বঙ্গবন্ধু নভোথিয়েটারের সর্বোচ্চ অংশ রানওয়ে অ্যাপ্রোচ লাইনের কিছুটা পূর্বে অবস্থিত। নভোথিয়েটারটির দুই পাশে আর কোনো উঁচু স্থাপনা নেই। ফলে অ্যাপ্রোচ এবং অবতরণের ক্ষেত্রে সামান্য Lateral Maneuver-এর মাধ্যমে বিমানের উড্ডয়ন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। কিন্তু এমআরটি লাইন-৬-এর পূর্বে প্রস্তাবিত বিজয় সরণির অংশটুকু বিমান Approach Path-এ আড়াআড়িভাবে একটি ‘Wall Obstruction’ হওয়ায় Approach Path-এ এটি স্থাপন করলে কোনো Maneuver-এর জায়গা থাকে না। ফলে রানওয়ের প্রাথমিক অংশে অবতরণ করতে হলে Approach Angle (সাধারণত ২.৫ থেকে ৩ ডিগ্রি হয়ে থাকে) ৮ ডিগ্রির বেশি হবে, যা উড়োজাহাজের অবতরণের সময়ে যাবতীয় ঝুঁকি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি করবে। তাই বিজয় সরণি দিয়ে এমআরটি লাইন-৬ নির্মিত হলে তেজগাঁও বিমানবন্দরের ফ্লাইট অপারেশন ও উড্ডয়ন নিরাপত্তা বিঘ্নিত হবে।বিমানবন্দরের আশপাশে অবস্থিত উঁচু ভবন যেমন: ফ্যালকন টাওয়ার, নবনির্মিত ট্রাস্ট ব্যাংক ও আইডিবি ভবনসমূহ তেজগাঁও বিমানবন্দরের উড্ডয়ন ও অবতরণের অ্যাপ্রোচ ফানেলের মধ্যে অবস্থিত নয় বিধায় বিমান উড্ডয়ন ও অবতরণের ক্ষেত্রে কোনো ধরনের বাধার সৃষ্টি করে না।বিমানবাহিনীর বিভিন্ন জঙ্গি বিমান এবং বেসামরিক বিমানের উড্ডয়নের সময় তেজগাঁও বিমানবন্দরটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিকল্প রানওয়ে হিসেবে জরুরি অবতরণের জন্য ব্যবহারোপযোগী। এ ছাড়া তেজগাঁও বিমানবন্দর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহযোগী হিসেবে দেশি-বিদেশি বিমানের পরিচালন সুবিধা দিয়ে থাকে। প্রতিরক্ষাবিষয়ক Air Strategic দৃষ্টিকোণ থেকে তেজগাঁও বিমানবন্দর আদর্শ অবস্থানে আছে। এই বিমানবন্দরের Strategic Depth সর্বাপেক্ষা অধিক, যা যুদ্ধকালীন সমরশক্তির Survivability এবং দেশের মধ্যাঞ্চলের আকাশ প্রতিরক্ষার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। তেজগাঁও বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবেই সচল রাখতে হবে। অন্যথায় বিমানবাহিনী তার ওপর অর্পিত রাজধানী ঢাকাসহ দেশের মধ্যাঞ্চলের কার্যকর প্রতিরক্ষা প্রদানের সামর্থ্য অনেকাংশেই হারাবে।