তেজগাঁওয়ে সোয়েটার কারখানায় আগুন নিভেছে
রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে ফোকাস ফ্যাশন নামের একটি সোয়েটার কারখানায় আজ দুপুরে আগুন লাগে। পরে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে বিকেল সোয়া চারটার দিকে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি আগুন নেভায়। বিকেল সাড়ে পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা পুড়ে যাওয়া জিনিসপত্র সরিয়ে কোথাও আর আগুন জ্বলছে কি না, তা পরীক্ষা করে দেখছিলেন।প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার পঞ্চম তলায় সুতার গুদামে আগুন লাগে। এতে সেখানে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস বাহিনীর কর্মকর্তাসহ তিনজন অসুস্থ হয়ে পড়েন।কারখানার মালিক মেজর (অব.) কামরুল ইসলাম জানান, কারখানার পাঁচতলায় সুতার গুদাম ছিল। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শ্রমিক ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাই আগুন অন্য কোনো তলায় ছড়াতে পারেনি।