তেজগাঁওয়ে অধিক উচ্চতার ভবন নির্মাণের অনুমতি দিতে সংসদীয় কমিটির সুপারিশ
ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় অধিক উচ্চতার ভবন নির্মাণ না করার সিদ্ধান্ত বাতিলের সুপারিশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ বুধবার বিকেলে সংসদ ভবনে কমিটির এক সভায় এ সুপারিশ করা হয়।সভায় জানানো হয়, বর্তমানে পুরাতন বিমানবন্দর শুধু হেলিকপ্টার উড্ডয়ন ও অবতরণের জন্য ব্যবহার করা হয়। এ জন্য সামান্য জায়গার প্রয়োজন। ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির কথা বিবেচনায় রেখে তেজগাঁও এলাকায় নির্ধারিত উচ্চতায় ভবন নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহার করে অধিক উচ্চতায় ভবন নির্মাণের অনুমতি প্রদান করা উচিত। যেহেতু এখন এটি আর বিমানবন্দর হিসেবে ব্যবহার করা হয় না, সে কারণে এ এলাকায় অধিক উচ্চতার ভবন নির্মাণ করলে সমস্যা হবে না।সভায় কুড়িল রেললাইনের পাশে অবস্থিত সিএনজি স্টেশনের কারণে নির্মাণাধীন কুড়িল ফ্লাইওভারের কাজ বাধাগ্রস্ত হওয়ায় এক সপ্তাহের মধ্যে রেল কর্তৃপক্ষকে চুক্তি বাতিল করার সুপারিশ করা হয়।কমিটির সভাপতি ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, নূর-ই-আলম চৌধুরী, আবদুস ছাত্তার, আসাদুজ্জামান খান, জহিরুল হক ভূঞা, নসরুল হামিদ, এনামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।