তেজগাঁওয়ে দুর্ঘটনাকবলিত স্থান ভরাট করছে সেনা সদস্যরা
রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়ায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের দেয়াল ধসে পড়ার স্থান আজ রোববার মাটি দিয়ে ভরাট করছে সেনাবাহিনীর একটি দল। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা। এদিকে মালিকপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে ঘটনাস্থলের সামনের রাস্তায় ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়নের ব্যানারে দুই শতাধিক শ্রমিক মানববন্ধন করেন। আজ সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল সিদ্দিকুর রহমান বলেন, ‘গতকাল শনিবার বিকেল থেকেই সেনাবাহিনী মাটি দিয়ে গর্ত ভরাট করার কাজ করছে। কারণ পার্শ্ববর্তী কয়েকটি ভবন এখনো ঝুঁকির মধ্যে আছে। এ পর্যন্ত এক লাখ ঘনফুট মাটি গর্তে ফেলা হয়েছে।’ সিদ্দিকুর রহমান জানান, আগে এ জায়গায় বড় পুকুর ছিল। কিন্তু রাজউকের নীতিমালা লঙ্ঘন করে এখানে ভবন নির্মাণের উদ্যোগ নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে এবং এতে পার্শ্ববর্তী ভবনগুলো ঝুঁকির মধ্যে পড়েছে। সেনাবাহিনীর সদস্যরা আগামী চার দিন মাটি ভরাটের কাজ করবে। গর্ত ভরাট করার জন্য প্রায় ১০ লাখ ঘনফুট মাটি প্রয়োজন হবে বলে তিনি জানান। এর আগে সকাল ১০টার দিকে রাজউক চেয়ারম্যান প্রকৌশলী নুরুল হুদা ঘটনাস্থল পরিদর্শনে যান। পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘এ ঘটনা তদন্তে গঠিত কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ এক প্রশ্নের জবাবে রাজউক চেয়ারম্যান আরও বলেন, ‘রাজধানীতে নিয়ম মেনে ভবন তৈরি করা হচ্ছে কি না তা দেখার জন্য চারটি তদারকি দল ও একটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।’ এদিকে ইমারত নির্মাণশ্রমিক ইউনিয়ন সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল নিয়ে ঘটনাস্থলে আসে। তারা ঘটনাস্থলের সামনের রাস্তায় মানববন্ধন করছে। তাদের ভাষ্য, অদক্ষ ব্যবস্থাপনা ও নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে তৈরি করার সময় নির্মাণাধীন ভবন ও পাশের একাধিক ভবন ধসে পড়ায় কয়েকজন নির্মাণশ্রমিক আহত হন। মানববন্ধনে উপস্থিত দুই শতাধিক ইমারত নির্মাণশ্রমিক মালিকপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।