তেজগাঁওয়ে নির্মাণাধীন ভবনের গর্তে দুই বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া বাজারের কাছে নির্মাণাধীন ১৭ তলা ভবনের পাইলিং দেয়াল ধসে পড়েছে। এতে ওই প্রকল্পের পার্শ্ববর্তী দুটি একতলা বাড়ি ও একটি রাস্তার অংশবিশেষও ধসে পড়ে যায়। পাশের পাঁচতলা দুটি বাড়িসহ কয়েকটি বাড়ির দেয়ালেও ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি থাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশপাশের বেশ কয়েকটি বাড়ির বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ করেছে। গত শুক্রবার মধ্যরাতে প্রথমে ভবনের নির্মাণস্থলে শ্রমিকদের জন্য করা টিনের ঘর ভেঙে পাইলিংয়ের জন্য করা গর্তে পড়ে যায়। এতে পাঁচজন শ্রমিক আহত হন। ভোর চারটার দিকে পূর্ব পাশের পাইলিং দেয়াল ভেঙে গেলে দুটি একতলা বাড়ি ও সংলগ্ন রাস্তার অংশবিশেষও ভেঙে ওই গর্তে পড়ে। গর্তটি প্রায় ৬০ ফুট গভীর বলে নির্মাণকাজে নিয়োজিত ব্যক্তিরা জানিয়েছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের বাড়িঘরের মানুষ রাস্তায় বেরিয়ে আসে। ভোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। তারা মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করে। পরে নির্মাণাধীন ভবনের আশপাশের বেশ কিছু পরিবার মালামাল নিয়ে সরে যায়।তেজগাঁও শিল্প এলাকার ৩০৪/ই নম্বর প্লটে ‘ইমপালস হাসপাতাল এবং মেডিকেল কলেজ’ নামের একটি হাসপাতালের জন্য ১৭ তলা ভবন নির্মাণ করা হচ্ছিল। এটি ইমপালস হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি প্রকল্প। প্রাথমিক তথ্যমতে, কয়েকজন চিকিৎসক যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়ন করছেন। নির্মাণকাজের ঠিকাদার আইটিসিএল নামের একটি প্রতিষ্ঠান।ধসের কারণ: রাজউক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় সোয়া বিঘা জায়গাজুড়ে বিশাল ভবনের ভিত ও বেজমেন্টের জন্য ৬০ ফুটের বেশি গভীর গর্ত করা হয়েছিল। এতে চারপাশের বাড়িগুলো ঝুঁকির মধ্যে পড়ে। প্রায় এক মাস আগেই বাড়ির পাশের রাস্তায় ফাটল দেখা দেয়। পাশের বিভিন্ন বাড়ির কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ঝুঁকির কথা বলার পরও নির্মাণকারীরা বিষয়টি আমলে নেননি। রাজউক সূত্র জানায়, শোর পাইলিং বা ভিত তৈরির জন্য প্রচুর মাটি কাটা হয়েছিল। কিন্তু সে তুলনায় চারদিকে উপযুক্ত নিরাপত্তা দেয়াল করা হয়নি। ভিত গাঁথুনির ত্রুটির কারণেই এ ঘটনা ঘটে। রাজউকের চেয়ারম্যান নূরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শোর পাইলিং ব্যর্থতার জন্যই ধসের ঘটনা ঘটেছে। তিনি বলেন, তিনতলা বেজমেন্ট ও ১৪ তলার মূল ভবনের জন্য নকশার অনুমোদন ছিল। বুয়েটকে দিয়ে মাটি পরীক্ষা করা হয়েছে বলেও শুনেছি। তবে রাজউকের অনুমোদিত নকশামাফিক কাজ করা হচ্ছিল কি না, তা নিয়ে এখন সন্দেহ আছে।’ঠিকাদারি প্রতিষ্ঠান আইটিসিএলের (ইসলাম ট্রেডিং অ্যান্ড কনসোর্টিয়াম) ব্যবস্থাপনা পরিচালক অসীম কৃষ্ণ গোস্বামীও যথাযথ শোর পাইলিং না করাকে ঘটনার জন্য দায়ী করেছেন। তিনি দাবি করেন, তবে পাইলিংয়ের কাজ করেছিল অপর একটি প্রতিষ্ঠান। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বর্ণনা: আহত শ্রমিক আলী হোসেন (২৮) গতকাল দুপুরে ঘটনাস্থলে প্রথম আলোকে বলেন, মোট ১৪ জন শ্রমিক টিনের ঘরটিতে ছিলেন। প্রায় সবাই ছিলেন ঘুমিয়ে। রাত ১২টার দিকে হঠাৎ হুড়মুড় করে ঘরটি ধসে গর্তে পড়ে যায়। কোনো শ্রমিক ঘর থেকে বের হতে পারেননি। ঘরটি প্রায় ৪০ ফুট নিচে কাদার মধ্যে দেবে যায়। আলী হোসেনের বাঁ পায়ের হাঁটু ও ঊরু টিনের আঘাতে কেটে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ফজরের নামাজের আগে নির্মাণাধীন ভবনের পূর্বদিকের পাইলিংয়ের দেয়াল ধসে পড়তে শুরু করে। সঙ্গে সঙ্গে উত্তর দিকে রাস্তা ধসে পড়ে এবং রাস্তার পাশে দুটি একতলা বাড়ির একপাশ ধসে গর্তে পড়ে যায়।ধসে পড়া একতলা ভবন দুটির (প্লট নম্বর ২৪৩/এ/৩ ও ২১১) বাসিন্দারা জানান, রাত ১২টার দিকে শ্রমিকদের থাকার ঘর ভেঙে পড়ার শব্দে তাঁরা সবাই তড়িঘড়ি করে এক কাপড়েই বাড়ির বাইরে বের হয়ে আসেন। তাই বাড়ি ধসে পড়লেও কেউ হতাহত হননি। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ধসে পড়া একটি বাড়ির স্টিলের আলমারি, সোফা, টেবিল, টেলিভিশন এবং একটি ফ্রিজ পড়ে আছে। পূর্বদিকে রাস্তার পাশে একটি পাঁচতলা বাড়ি এবং পশ্চিম দিকে আরেকটি পাঁচতলা বাড়ির দেয়ালে ফাটল দেখা দিয়েছে। সংলগ্ন এলাকায় আরও ১০-১২টি একতলা ও দোতলা বাড়ি রয়েছে। ধসের সময় এসব বাড়ির বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে আসে। এদের অনেকেই গতকাল সাময়িকভাবে বাড়িঘর ছেড়ে গেছে। মো. সবুজ নামের স্থানীয় একজন ব্যবসায়ী জানান, মাস খানেক আগেই নির্মাণস্থলের উত্তর দিকের রাস্তায় ফাটল ধরে। শ্রমিকদের থাকার টিনের ঘর ভেঙে পড়েছে খবর পেয়ে দৌড়ে ঘটনাস্থলে আসেন তিনি। আহত শ্রমিকদের উদ্ধার করে তাঁদের হাসপাতালে পাঠানোর পর রাত সাড়ে তিনটা-চারটার দিকে উত্তর দিকের রাস্তা ধসে পড়তে শুরু করে। এ সময় পূর্বদিকের পাইলিং করা স্তম্ভগুলো একটার পর একটা সশব্দে ভেঙে পড়তে থাকে। মো. ইউনুস নামের আরেক বাসিন্দা জানান, রাস্তা ধসে পড়ার পর তিনি চিৎকার করে আশপাশের বাড়িতে থাকা লোকজনকে বের হয়ে আসার জন্য বলেন। স্থানীয় ব্যবসায়ী এম এ বাশার জানান, ভবনটির নির্মাণকাজের সময় এলাকার পয়োনিষ্কাশন লাইন ক্ষতিগ্রস্ত হয়। শুক্রবার তা ঠিক করার জন্য নির্মাতা প্রতিষ্ঠানের লোকেরা পাকা রাস্তা খুঁড়তে শুরু করেন। মহল্লার লোকজন তাঁদের বাধা দিলেও কোনো কাজ হয়নি। পয়োনিষ্কাশন লাইন ঠিক করার সময় প্রচুর পানি পাইলিংয়ের গর্তে গিয়ে পড়ে। ওই পানি এবং রাতে বৃষ্টি হওয়ায় মাটি নরম হয়ে ধস শুরু হয় বলে মনে করছেন তিনি।উপস্থিত এলাকাবাসী অভিযোগ করেন, কোম্পানির লোকজন তাঁদের কোনো কথাই শোনেননি। বরং তাঁদের কিছু বললে হুমকিধমকি দিতেন।তদন্ত: ঘটনা তদন্তে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বোর্ড সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।মামলা: ঘটনার জন্য প্রাথমিকভাবে অভিযুক্ত করে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ আল আমিন ও নকশা প্রকৌশলী শামীম আখতারের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে। ইমারত নির্মাণ আইনের (১৯৫২) ১২ ধারায় করা এই মামলার বাদী রাজউক। সর্বশেষ অবস্থা: গতকাল দুপুর থেকেই সেনাবাহিনীর একটি দলের তত্ত্বাবধানে ট্রাকভর্তি মাটি ফেলে পাইলিংয়ের গর্ত ভরাট করা শুরু হয়। গত রাত আটটায় রাজউকের সদস্য (পরিকল্পনা) শেখ আবদুল মান্নান জানান, আশপাশে আর যাতে কোনো ধস না হয়, সে জন্য গর্তটি যত দ্রুত সম্ভব ভরাট করে ফেলা হবে।