তেজগাঁওয়ে রাতে শিক্ষার্থী-শ্রমিক ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর, আগুন
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাতরাস্তার মোড়ে গতকাল বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে ট্রাকশ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় প্রায় ১০০টি যানবাহন ভাঙচুর করা হয় এবং তিনটি যানে আগুন দেওয়া হয়।শ্রমিকদের হাতে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।পলিটেকনিকের শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাত ১০টার দিকে সাতরাস্তার ট্রাকস্ট্যান্ডের শ্রমিকেরা এক শিক্ষার্থীর রিকশার গতিরোধ করে তাঁর মুঠোফোন ছিনিয়ে নেন। তাঁরা তাঁকে মারধরও করেন। এ খবর ইনস্টিটিউটের ছাত্রাবাসে ছড়িয়ে পড়লে কয়েক শ শিক্ষার্থী সাড়ে ১০টার দিকে রড, রামদাসহ ট্রাকস্ট্যান্ডে গিয়ে শ্রমিকদের ওপর হামলা চালান। তাঁরা ট্রাকসহ যানবাহন ভাঙচুর করেন। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ সাতরাস্তা থেকে তেজগাঁও-বিজয় সরণি সংযোগ সড়ক, বেগুনবাড়ীর অলিগলিতে ছড়িয়ে পড়ে। এ সময় প্রায় ১০০টি যান ভাঙচুর ও তিনটিতে অগ্নিসংযোগ করা হয়। একপর্যায়ে পুলিশ ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। প্রায় দেড় ঘণ্টা সংঘর্ষ চলাকালে ছাত্রাবাসের আশপাশে একের পর এক ককটেলের বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে ছাত্র-শ্রমিকসহ অন্তত ৫০ জন আহত হন। রাত ১২টার পর শ্রমিকেরা সাতরাস্তা মোড়ে ও শিক্ষার্থীরা বেগুনবাড়ীতে অবস্থান নেন। ফায়ার সার্ভিস এসে যানবাহনের আগুন নেভায়।ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান সড়ক ও বেগুনবাড়ীর অলিগলিতে কাচের টুকরা ও ইট পড়ে আছে। রাত ১২টার দিকে পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের সামনে একটি কাভার্ড ভ্যান জ্বলতে দেখা যায়। পাশেই শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাসেল পারভেজ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা-পুলিশের সঙ্গে দাঙ্গা দমন বিভাগের সদস্যরাও যোগ দেন। রাত একটার দিকে ঘটনাস্থলে থাকা পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, শ্রমিকেরা প্রধান সড়কে এবং শিক্ষার্থীরা পলিটেকনিক ছাত্রাবাসের সামনে অবস্থান নিয়েছেন। দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। আহত ১৫ জন শ্রমিকের মধ্যে রুবেল মিয়া (২০) ও নুরন্নবীকে (২৮) গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।