তেজতুরীবাজারে গুলিতে বিএনপি নেতা খুন
রাজধানীর ফার্মগেটের কাছে তেজতুরীবাজারে স্থানীয় বিএনপি নেতা ও পরিবহন ব্যবসায়ী কাজী আবদুর রহমান (৪০) খুন হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে নিজ বাসার কাছে সন্ত্রাসীরা তাঁর গাড়িতে গুলি করে তাঁকে হত্যা করে। এ সময় সাধন কুমার (৪২) ও বিপ্লব হোসেন (২৮) নামে দুই পথচারী আহত হয়েছেন। আবদুর রহমান মহানগর ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ট্রাক অ্যান্ড কাভার্ড ভ্যান সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাত সাড়ে ১০টার দিকে পূর্ব তেজতুরীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের কাছে আবদুর রহমান একটি প্রাইভেট কারে চালকের আসনে ওঠেন। তাঁর সঙ্গে তাঁর আরও দুই বন্ধু ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন সন্ত্রাসী এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। কাচ ভেদ করে রহমানের শরীরের একাধিক গুলি লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে। সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। এ সময় পথচারী কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী সাধন কুমার ও সরকারি ওষুধ প্রতিষ্ঠান এসেনন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কর্মচারী বিপ্লব গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে রহমানকে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে বের করে এবং দুই পথচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহমানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজন এ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপির নেতা-কর্মীরা হাসপাতালে ছুটে যান। নিহতের স্বজনেরাও ছুটে যান হাসপাতালে। ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, রহমান তেজতুরীবাজার এলাকায় সরকারি উচ্চবিদ্যালয়ের পাশে বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন। এরপর তিনি তাঁর দুই বন্ধুকে মিরপুরে বাসায় নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠেন। ঠিক এ সময় সন্ত্রাসীরা অতর্কিতে হামলা চালায়। ওই ওয়ার্ডের সভাপতি লুৎফর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তাঁরা কিছু বুঝে উঠতে পারছেন না। হাসপাতালে সাদেক হোসেন খোকা সাংবাদিকদের বলেন, রহমান বিএনপির একনিষ্ঠ কর্মী ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যে কতটা অবনতি হয়েছে এ হত্যাকাণ্ড থেকেই তা বোঝা যায়। হত্যাকারীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া না হলে সন্দেহের তীর সরকারের দিকে থাকবে বলে তিনি মন্তব্য করেন। ঘটনার পর তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি। ওসি জানান, আবদুর রহমান কয়েকটি কাভার্ড ভ্যানের মালিক। ঘটনাস্থলের কাছেই তিনি ২০/ডি পূর্ব তেজতুরীবাজারে থাকতেন। তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। তাঁর বাবার নাম কাজী আবদুর রশীদ। গ্রামের বাড়ি চাঁদপুরের পুরান বাজারে।