তেরোখাদায় দুই পক্ষের সংঘর্ষ, দোকান লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সোমবার সকাল আটটার দিকে খুলনার তেরোখাদা উপজেলার শেখপুরা বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ওই বাজারে বেশ কয়েকটি দোকানে ভাঙচুর ও দুটি দোকানে লুটপাট করা হয়। সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আজগড়া ইউনিয়নে একটি আশ্রয়ণ প্রকল্পের জমি নিয়ে বিরোধের জের ধরে স্থানীয় আশরাফ সরদারের লোকজন শেখপুরা বাজারে মিন্টু মোল্লার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন আহত হন। তাঁদের স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়া হয়েছে।হামলাকারীরা বাজারে অবস্থিত গোলাম রব্বানী ও সোহরাব মোল্লার দোকান থেকে বিপুল পরিমাণ মালামাল লুটপাট করে নিয়ে যায়। এ ছাড়া রামদা ও লাঠি দিয়ে অন্তত ১৮টি দোকান ভাঙচুর চালায় তারা।এ ব্যাপারে গোলাম রব্বানী বলেন, ‘আজ সকালে আশরাফ সরদারের লোকজন বাজারে আমাদের দোকানে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা আমার দোকান থেকে তিন লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।’ এ ব্যাপারে তেরোখাদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান তিনি।তেরোখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তেরোখাদায় এমন ঘটনা প্রায়ই ঘটে। আমি শুনেছি, শেখপুরা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকটি দোকানে হামলার খবর পেয়েছি।’ সংঘর্ষে ১০-১২ জন লোক আহত হয়েছে বলে জানান তিনি।