তেল কোম্পানির ওপর কর বাড়ানোর প্রস্তাব ওবামার
তেল কোম্পানিগুলোর ওপর ব্যারেলপ্রতি এক সেন্ট কর বাড়ানোর একটি আইন প্রণয়নের প্রস্তাব করেছে হোয়াইট হাউস। মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়া তেল পরিষ্কার করার খরচ জোগাতে সাহায্য করার জন্য গতকাল বুধবার এ প্রস্তাব করা হয়।এ পদক্ষেপের মাধ্যমে অয়েল স্পিল লায়াবিলিটি ট্রাস্ট ফান্ডে আগামী ১০ বছরে ৫০ কোটি মার্কিন ডলার জমা হবে। ফান্ডটি এ ধরনের দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কাজ করে।এদিকে বিপি পিএলসি তার ফুটো হয়ে যাওয়া কূপটি থেকে তেলের নিঃসরণ বন্ধ করার এক নতুন উদ্যোগ গ্রহণ করেছে। এই ফুটো হয়ে যাওয়া কূপটি থেকে লাখ লাখ গ্যালন অপরিশোধিত তেল বেরিয়ে এসে আমেরিকার দক্ষিণ উপকূলের পানিতে ছড়িয়ে পড়েছে। টাইমস অনলাইনের একটি প্রতিবেদন জানিয়েছে, হোয়াইট হাউসের প্রস্তাবের মধ্যে রয়েছে ১১ কোটি ৮০ লাখ ডলার ব্যয়ের একটি পরিকল্পনা। এই অর্থ থেকে ছড়িয়ে পড়া তেলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন—জেলেরা, জলদূষণের ফলে যাদের জীবিকা বিপন্ন হয়েছে—তাদের এবং পানির ওপর তেলের স্তর ও পরিবেশের ওপর তার প্রভাব নজরদারি ও মূল্যায়নের কাজে নিয়োজিত ফেডারেল এজেন্সিগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হবে।হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, তেল কূপটিতে ফুটো তৈরি হওয়ার তিন সপ্তাহ পরও তা বন্ধ করতে না পারায় ‘অত্যন্ত মর্মাহত’ প্রেসিডেন্ট বারাক ওবামা চান তাঁর নতুন পরিকল্পনার বেশির ভাগ খরচ বহন করবে বিপি।এদিকে গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে তেল কূপ দুর্ঘটনার ওপর চলমান শুনানিতে রিপাবলিকান কংগ্রেসম্যান হ্যানরি ওয়াক্সম্যান বলেন, যন্ত্রপাতি ও সঠিকভাবে কাজ পরিচালনায় একের পর এক ব্যর্থতার ফলে এ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। যদি বিশ্বের এই সর্ববৃহত্ তেল কোম্পানি আরও সতর্ক থাকত, তবে হয়তো যে ১১ জন মারা গেছে তাদের বাঁচানো যেত, রক্ষা করা যেত যুক্তরাষ্ট্রের উপকূলীয় জলভাগ। তিনি আরও বলেন, ২০ এপ্রিল ডিপওয়াটার হরাইজনে বিপি ও তার সহযোগীরা এ বিপর্যয়টি যেভাবে মোকাবিলা করেছে, সেটিও তদন্ত করে দেখা হবে।এদিকে বিপর্যয় থেকে যাঁরা বেঁচে ফিরেছেন তাঁরা অভিযোগ করেছেন, তাঁদের উদ্ধার করার পর সাগরেই রাখা হয় আর রিগটির মালিক, ট্রান্সওশ্যান, তার আইনজীবীদের নিয়ে বৈঠকে বসে। মানসিক চাপে দুই রাত বিনিদ্র থাকার পর উদ্ধারকৃতদের তীরে আনা হয়। থাকতে দেওয়া হয় একটি হোটেলে; যেখানে ট্রান্সওশ্যানের প্রতিনিধিরা এ ঘটনায় কোম্পানির কোনো দায় নেই—এ মর্মে লেখা একটি বিবৃতিতে জোর করে তাঁদের স্বাক্ষর আদায় করেন। এর পরই কেবল তাঁদেরকে তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। গর্ডন, ইলিয়াস ও সিলি নামের হাউস্টনের একটি আইনি প্রতিষ্ঠানের স্টিভ গর্ডন বলেন, কর্মীরা যখনই তাঁদের উদীয়মান নানা মানসিক সমস্যার জন্য ক্ষতিপূরণ চাচ্ছেন তখনই তাঁদের বিরুদ্ধে ওই দায় থেকে অব্যাহতি দেওয়া বিবৃতিগুলো ব্যবহার করা হচ্ছে। অনেক কর্মীই মানসিক সমস্যার কারণে এত ভীত হয়ে পড়েছেন যে তাঁরা আর সমুদ্রে কাজ করতে ফিরে যেতে পারছেন না।দুর্ঘটনার দিন কূপে কাজ করছিলেন চয় (২৩)। যখন দুর্ঘটনা ঘটে তখন একজন অগ্নিনির্বাপক কর্মীকে সঙ্গে নিয়ে আগুনে ঘেরাও হয়ে পড়া একজন ক্রেন অপারেটরকে উদ্ধারের চেষ্টা করছিলেন চয়। কিন্তু আগুনের লেলিহান শিখার জন্য ওই অপারেটরকে তাঁরা উদ্ধার করতে পারেননি। অন্যরাও এভাবে চোখের সামনে সহকর্মীদের মারা যেতে দেখেছেন বলে জানান গর্ডন। তেল কূপটিতে যখন বিস্ফোরণ হয় তখন রিগটির পাশেই একটি কার্গো জাহাজে ছিলেন ক্যাপ্টেন এলউইন ল্যান্ডি। নিউ অরলিয়ন্সে একটি শুনানিতে ক্যাপ্টেন সেই দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘বিস্ফোরণের আগে পানির নিচ থেকে কালো মেঘের মতো কাদা বের হয়ে আসছিল। এর পরই একটি প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমি তখন প্রধান ডেকে সবুজ রঙের ঝলকানি দেখতে পাই।’ এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শুনা যায়। বিস্ফোরণের মিনিটখানেক পরই জাহাজের রেডিও মারফত কূপে আগুন লাগার খবরটি মূল ভূখণ্ডে জানিয়ে দেওয়া হয়।