তেল খালাস, পরিবহনে নৌবাহিনী মোতায়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে অভ্যন্তরীণ নৌপরিবহন ধর্মঘটের কারণে সৃষ্ট জ্বালানি সংকট নিরসনে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনায় বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও সুসজ্জিত দল (কন্টিনজেন্ট) মোতায়েন করা হয়েছে। তারা বুধবার রাত থেকেই এসব ডিপোতে কাজ শুরু করেছে এবং গতকাল বৃহস্পতিবার বিকেল পর্যন্ত দুটি ট্যাংকার থেকে প্রায় ২৪ লাখ লিটার উড়োজাহাজের জ্বালানি (জেট ফুয়েল) খালাস করেছে। ধর্মঘটের কারণে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের জ্বালানির যে সংকট দেখা দিয়েছিল, তাও কাটতে শুরু করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) চেয়ারম্যান এয়ার কমোডর শাকেব ইকবাল খান মজলিস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিমানবন্দরের জ্বালানি সংকট কাটিয়ে উঠছি। গতকাল ৯১৪ টন তেল ডিপোতে এসেছে, আরও এক হজার ২০০ টন আসছে। পরিস্থিতি উন্নতির দিকে।’ নৌ-ধর্মঘটের কারণে বিমানবন্দরে পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে পর্যাপ্ত জ্বালানি ছিল না। তার পরও ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে কোনো সংকট হয়নি বলে দাবি করেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান।শাকেব ইকবাল খান জানান, পরিস্থিতি মোকাবিলায় বুধবার রাতে চট্টগ্রামে পদ্মা অয়েল কোম্পানির প্রধান স্থাপনা থেকে ৫০টি ট্যাংকলরিতে করে সড়কপথে আরও প্রায় সাড়ে চার লাখ জেট ফুয়েল ঢাকায় আনা হয়।পদ্মা অয়েল কোম্পানির ঢাকা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক (বিক্রয়) নরেশ চন্দ্র দাশ প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম থেকে পাঠানো সাড়ে চার লাখ লিটার ঢাকায় এবং গোদনাইলে ট্যাংকার থেকে নামানো প্রায় ৩৬ লাখ লিটার জেট ফুয়েল এখন নারায়ণগঞ্জে মজুদ আছে। এই তেল দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েলের অন্তত পাঁচ দিনের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি বলেন, এই বিমানবন্দরে দিনে আট থেকে সাড়ে আট লাখ লিটার জেট ফুয়েলের চাহিদা আছে।পদ্মা অয়েল কোম্পানি গত ৯ মে ধর্মঘটের কারণে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে না পারার কথা জানায় বিমানবন্দর কর্তৃপক্ষকে। ওই দিনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এই বন্দর ব্যবহারকারী সব বিমান সংস্থাকে জানিয়ে দেয় যে, মঙ্গলবার মাঝরাত থেকে কোনো উড়োজাহাজে তেল সরবরাহ করা সম্ভব হবে না। খবর পেয়ে গত বুধবার সৌদি এয়ারলাইনসের দুটি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া আর সব ফ্লাইটের সূচি ঠিক ছিল।গতকাল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অনুরোধে অভ্যন্তরীণ নৌপথে স্থানীয় প্রশাসনকে সহায়তা দিতে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও খুলনায় তেল ডিপোতে নৌবাহিনীর জাহাজ, হালকা নৌযান ও জনবল মোতায়েন করা হয়েছে। নৌবাহিনীর সদস্যরা এরই মধ্যে বিভিন্ন স্থানে উড়োজাহাজের জ্বালানিভর্তি পরিত্যক্ত ও অকেজো অবস্থায় রেখে যাওয়া জাহাজগুলো মেরামত এবং জেটিতে ভেড়ানোর কাজ শুরু করেছেন। তাঁরা বুধবার রাত পর্যন্ত দুটি তেলের ট্যাংকার জেটিতে ভেড়ান এবং বিভিন্ন স্থানে জ্বালানির পাম্প মেরামত করে ডিপোতে খালাসের ব্যবস্থা করেন। গতকাল বিকেল পর্যন্ত প্রায় ২৪ লাখ লিটার উড়োজাহাজের জ্বালানি খালাস করা হয়। নৌবাহিনীর তেলবাহী জাহাজ ‘ইমাম গাজ্জালী’ তেল পরিবহনের জন্য খুলনা থেকে চট্টগ্রাম অভিমুখে যাত্রা করেছে এবং তেল পরিবহনে সহায়তায় চট্টগ্রাম থেকে নৌবাহিনীর একটি বিশেষ দল ঢাকায় আনা হয়েছে। নৌবাহিনীর সহায়তায় চট্টগ্রাম থেকে এক হাজার ৮০০ টন ফার্নেস তেল নিয়ে একটি ট্যাংকার খুলনার উদ্দেশে এবং অপর একটি ট্যাংকার ইতিমধ্যে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে বলে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে জানানো হয়।চট্টগ্রামে চাহিদা বেড়েছে: চট্টগ্রাম থেকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, গত বুধবার ঢাকার বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই জ্বালানির চাহিদা বেড়ে যায়। পদ্মা অয়েলের পতেঙ্গা ডিপোর সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন প্রথম আলোকে বলেন, চট্টগ্রামে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই লাখ লিটার জেট ফুয়েল লাগে। কিন্তু বুধবার বিক্রি হয়েছে প্রায় সাড়ে তিন লাখ।ঢাকা থেকে যেসব ফ্লাইট চট্টগ্রাম এসে ফের ঢাকায় গিয়ে জ্বালানি নিত, সেগুলোর বেশির ভাগই চট্টগ্রাম থেকে জেট ফুয়েল নিয়ে গেছে। আবার আন্তর্জাতিক গন্তব্যের যেসব উড়োজাহাজ চট্টগ্রাম হয়ে ঢাকায় গেছে, সেগুলোও চট্টগ্রাম থেকে জ্বালানি নিয়ে গেছে। এ কারণে বুধবার চট্টগ্রামে জেট ফুয়েল বেশি বিক্রি হয়েছে।বিপিসি সূত্র জানায়, তাদের হাতে এখনো প্রায় এক মাসের প্রয়োজনীয় জেট ফুয়েল মজুদ আছে।