তেল-গ্যাস অনুসন্ধানে কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সীমানাভুক্ত গভীর সমুদ্রে (এক্সটেন্ডেড কন্টিনেন্টাল শেলফ) তেল-গ্যাস অনুসন্ধানে বাংলাদেশের বাস্তব পথযাত্রা শুরু হয়েছে। মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে পেট্রোবাংলা তথা সরকারের উৎপাদন অংশীদারি চুক্তি (পিএসসি) স্বাক্ষরের মাধ্যমে এই নতুন যাত্রা শুরু হলো।পেট্রোবাংলার প্রধান কার্যালয় পেট্রোসেন্টারে গতকাল বৃহস্পতিবার এই চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, গভীর সমুদ্রের ১০ ও ১১ নম্বর ব্লকের যে এলাকার ওপর ভারত ও মিয়ানমারের আপত্তি রয়েছে, সেটুকু ছাড়া বাকি এলাকায় আগামী শুকনো মৌসুমেই (অক্টোবর-মার্চ) অনুসন্ধানের কাজ শুরু করবে কনোকো।এদিকে চুক্তি সই হওয়ায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি হরতালসহ আন্দোলনের হুমকি দিয়েছে।তেল-গ্যাস অনুসন্ধানে ১৯৭৪ সালে প্রথম পিএসসি স্বাক্ষরের প্রায় ৩৭ বছর পর বাংলাদেশ তার গভীর সমুদ্রসীমায় অনুসন্ধান শুরু করতে যাচ্ছে। ভূতত্ত্ববিদদের মতে, বাংলাদেশের সীমানাভুক্ত ও সংলগ্ন গভীর সমুদ্র অঞ্চল পৃথিবীর অন্য যেকোনো অঞ্চলের তুলনায় বেশি খনিজসমৃদ্ধ। ইতিমধ্যে প্রতিবেশী ভারত ও মিয়ানমার বাংলাদেশের সংলগ্ন বড় অঞ্চলজুড়ে অনুসন্ধান শুরু করে ফলও পেয়েছে।তবে পিএসসির অধীনে গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে এখনো দেশের সুধী সমাজের একাংশের আপত্তি রয়েছে। পিএসসির শর্তাবলির বেড়াজালে গভীর সমুদ্রের তেল-গ্যাস বেহাত হয়ে বিদেশে চলে যাওয়ার আশঙ্কাই দৃশ্যত এ আপত্তির কারণ।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ‘পিএসসির বিধান অনুযায়ী তারা (কনোকো ফিলিপস) যা কিছুই আবিষ্কার করুক, সব আমাদের দিতে হবে। তারপর আমাদের ওপর নির্ভর করবে—আমরা সব ব্যবহার করব, নাকি কিছু রপ্তানি করতে বলব। কাজেই দেশের সীমানার মধ্যে পাওয়া তেল-গ্যাসসহ কোনো সম্পদের রাষ্ট্রীয় তথা জনগণের মালিকানা নিয়ে কোনো সমস্যা নেই।’প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী পিএসসির শর্তাবলি সম্পর্কে সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, সমালোচনা করার আগে পিএসসিটি সবার পড়ে দেখা উচিত। সমালোচনার ধারায় স্পষ্ট যে বেশির ভাগ সমালোচনা অজ্ঞতাবশত। তিনি বলেন, পিএসসির মুখবন্ধটি সংশ্লিষ্ট সব পক্ষের জন্য অবশ্যপালনীয়। সেই মুখবন্ধেই দেশের সব খনিজ সম্পদের রাষ্ট্রীয় তথা জনগণের মালিকানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পিএসসির অধীনে যাঁরা কাজ করবেন, তাঁরা শুধুই ঠিকাদার। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের বক্তব্যের পর বেলা একটা ৩৫ মিনিটে চুক্তি স্বাক্ষর পর্ব শুরু হয়। সরকারের পক্ষে জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব এ কে মহিউদ্দিন আহমেদ, পেট্রোবাংলার পক্ষে সংস্থার সচিব ইমাম হোসেন এবং কনোকোর পক্ষে কোম্পানির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লেফারেনরে চুক্তিতে স্বাক্ষর করেন। বেলা একটা ৪১ মিনিটে এই পর্ব শেষে সাংবাদিকদের জন্য প্রশ্নোত্তর পর্ব শুরু হয়।আলোচনা পর্বের শুরুতে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের স্বাগত বক্তব্যের পর অর্থমন্ত্রী ও উপদেষ্টা ছাড়াও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক, ওই মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া, জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন, বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি ও উইলিয়াম লেফারেনরে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) ইমাদুদ্দিন আহমেদ।তিন বছর পর চুক্তি: দেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয় ২০০৮ সালে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়। এর তিন বছর পর গতকাল চুক্তিটি স্বাক্ষরিত হলো। এটিই দেশের গভীর সমুদ্রে অনুসন্ধানের প্রথম চুক্তি। এ জন্য চুক্তি স্বাক্ষরের দিনটিকে প্রায় সব বক্তাই একটি ‘মাইলফলক দিবস’ হিসেবে অভিহিত করেন।তত্ত্বাবধায়ক সরকারের শাসন মেয়াদে এ চুক্তি সম্পন্ন হলে দেশের গভীর সমুদ্র এলাকায় খনিজ সম্পদের একটি চিত্র পাওয়া যেত। কিন্তু ‘অনির্বাচিত সরকারের এই কাজ করার অধিকার নেই’ বলে নাগরিক সমাজের একাংশ কথা তুললে তারা পিছিয়ে যায়। তবে নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েই যাতে চুক্তিটি স্বাক্ষর করতে পারে, সেভাবে বিষয়টি তারা চূড়ান্ত করে রেখেছিল বলে জানা গেছে।যে দুটি ব্লকের চুক্তি: ১০ ও ১১ নম্বর ব্লকের মোট আয়তন ছয় হাজার ৭৬৩ বর্গকিলোমিটার। এর মধ্যে কনোকো এখন অনুসন্ধান চালাতে পারবে পাঁচ হাজার ১৫৬ বর্গকিলোমিটারে। বাকি এক হাজার ৬০৫ বর্গকিলোমিটার এলাকা নিয়ে ভারত ও মিয়ানমারের আপত্তি আছে। জাতিসংঘে এই আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া চলছে।চট্টগ্রাম বন্দর থেকে ওই ব্লক দুটির দূরত্ব প্রায় ২৮০ কিলোমিটার। পানির গভীরতা এক হাজার থেকে দেড় হাজার মিটার। অনুসন্ধান থেকে উত্তোলন-পর্যায় পর্যন্ত মোট নয় বছরের জন্য চুক্তিটি কার্যকর থাকবে। তবে কনোকো শুরু থেকেই কাজের সূচি অনুসরণ না করলে তিন বছর পর চুক্তি বাতিল হবে।অনুসন্ধানের পর্যায়ে বাংলাদেশের জনবল নিয়োগ করতে হবে পর্যায়ক্রমে কমপক্ষে ৫০ শতাংশ। উত্তোলন-পর্যায়ে এই সংখ্যা হবে পর্যায়ক্রমে কমপক্ষে ৭৫ শতাংশ।কনোকোর গাফিলতির কারণে কোনো ক্ষতি হলে ব্যয় তুলে নেওয়া কিংবা ক্ষতিপূরণ পাবে না কোম্পানিটি। ব্যয় তুলে নেওয়ার পর্যায়ে কনোকো সর্বোচ্চ ৫৫ শতাংশ গ্যাস পাবে। ব্যয় তুলে নেওয়ার পর (প্রফিট শেয়ার) বাংলাদেশ পাবে (তেল কিংবা কনডেনসেট হলে) ৬০ শতাংশ থেকে পর্যায়ক্রমে ৮৫ শতাংশ পর্যন্ত। আর গ্যাস হলে পাবে ৫৫ থেকে ৮০ শতাংশ।তেল-গ্যাস যা-ই পাওয়া যাক না কেন, প্রথমে তা পেট্রোবাংলাকে নিতে বলতে হবে। পেট্রোবাংলা ছয় মাসের মধ্যে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত না দিলে বাংলাদেশের মধ্যে অন্য কোনো গ্রাহকের কাছে তা বিক্রি করতে পারবে কনোকো। এ ছাড়া পেট্রোবাংলা না নিতে চাইলে কনোকো তাদের অংশের তেল বা গ্যাস দেশের মধ্যে তৃতীয় পক্ষের কাছে বিক্রি করতে পারবে। এর কোনোটি না হলে, অর্থাৎ দেশের মধ্যে কোনো ক্রেতা না পেলে কনোকো এলএনজি করে ৮০ শতাংশ রপ্তানি করতে পারবে। বাকি ২০ শতাংশ বাংলাদেশের জন্য থাকবে। এলএনজি করার জন্য ব্যবহূত গ্যাসের দাম দিতে হবে।আপত্তির কারণে কনোকোর কার্যক্রম বন্ধ হলে কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারবে না।জাতীয় কমিটির আন্দোলনের হুমকি: কনোকো ফিলিপসের সঙ্গে করা চুক্তি প্রত্যাখ্যান করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে কমিটির নেতারা এ চুক্তিকে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী উল্লেখ করে বলেছেন, ‘পাইপলাইনে দেশ থেকে গ্যাস যাবে না, রক্ত যাবে।’জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, ‘নির্বাচনী ইশতেহারে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল, জনগণের স্বার্থ রক্ষা করবে। কিন্তু তারা বিদেশিদের স্বার্থ রক্ষায় নেমেছে। তাই বাধ্য হচ্ছি এ মাসের মধ্যেই হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিতে। ১৮ জুন সংবাদ সম্মেলন করে এসব কর্মসূচি ঘোষণা করা হবে।’লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশের সম্পদ দেশের মানুষ ব্যবহার করবে। কিন্তু সম্পদের ৮০ শতাংশই যদি বিদেশে চলে যায়, তবে দেশের মানুষ তা মেনে নেবে না।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো বলেন, ‘এ চুক্তি দেশবিরোধী, জনস্বার্থবিরোধী। এর মাধ্যমে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হলো।’সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্সের পরিচালনায় সমাবেশে জাতীয় গণফ্রন্টের সাধারণ সম্পাদক টিপু বিশ্বাস, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (পুনর্গঠিত) সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, প্রকৌশলী ম ইনামুল হক প্রমুখ বক্তব্য দেন।সমাবেশে অংশ নেওয়া প্রত্যেকের হাতে ছিল কালো পতাকা। সমাবেশ শেষে প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পল্টন ঘুরে প্রেসক্লাবে এসে শেষ হয়। সেখানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানো হয়।ওয়ার্কার্স পার্টির নিন্দা: দলটির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক এক বিবৃতিতে চুক্তি সই হওয়ার বিষয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। তাঁরা বলেন, ‘আমাদের গ্যাসসম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হলো। এরপর অধিক মূল্যে সেই গ্যাস তাদের কাছ থেকেই কিনতে হবে। এটা জাতীয় স্বার্থবিরোধী। কোনো দেশপ্রেমিক সরকার এমন আত্মঘাতী চুক্তি করতে পারে না।’