তেল-গ্যাস কমিটির ঘেরাওতে লাঠিপেটা, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির আজ রোববারের জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেলে অন্তত ৫০ জন আহত হয়েছেন।তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা জানান, বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদসহ সাত দফা দাবিতে আজ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি ছিল। এ উপলক্ষে আজ বেলা সাড়ে ১১টার দিকে কমিটির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন।এখানে সংক্ষিপ্ত বক্তব্যে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, সুলভমূল্যে বিদ্যুৎ পাওয়া জনগণের অধিকার। এই অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে।এরপর নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে পল্টন ঘুরে পশ্চিম পাশের রাস্তা দিয়ে সচিবালয়ের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পুলিশ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই স্তরের অবরোধ সৃষ্টি করে। মিছিলকারীরা ওই অবরোধ ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশ তাঁদের বাধা দেয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স বলেন, তাঁরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন। কিন্তু পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাস নিক্ষেপের কারণে অন্তত ৫০ জন আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনার পর তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে এ ঘটনার নিন্দা জানান। পুলিশের এই আচরণের প্রতিবাদে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহিদুল্লাহ কাল সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেন।