তেল-গ্যাস কমিটির বিক্ষোভ সোমবার
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি গ্যাস ও বিদ্যুৎ-সমস্যার সমাধানে সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে আগামী সোমবার সারা দেশে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সংক্ষিপ্ত এক সমাবেশে জাতীয় কমিটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়।অনুষ্ঠানে জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ কর্মসূচির ঘোষণা করে বলেন, তেল-গ্যাস এ দেশের সম্পদ হলেও এর ওপর দেশের জনগণের মালিকানা নেই। কয়েক দশক ধরে যারা দেশ চালাচ্ছে, তারা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ রক্ষা করে চলছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সকে পঙ্গু করে রেখেছে।কর্মসূচি অনুযায়ী ৭ মে সোমবার ঢাকাসহ সারা দেশের বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় জমায়েত অনুষ্ঠিত হবে।জাতীয় কমিটির সাত দফা দাবির মধ্যে রয়েছে কুইক রেন্টাল চুক্তি বাতিল, রাষ্ট্রীয় বিদ্যুৎকেন্দ্র মেরামত করে নতুন কেন্দ্র স্থাপন, জাতীয় স্বার্থবিরোধী চুক্তির জন্য দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ভারতের সঙ্গে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র চুক্তি বাতিল, বঙ্গোপসাগরে মার্কিন-ভারতবিরোধী আধিপত্য রোধ করতে কনোকো ফিলিপসের সঙ্গে চুক্তি বাতিল, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন প্রণয়ন, পিএসসি ২০১১ ও ২০১২ প্রক্রিয়া বন্ধ করা, ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন প্রভৃতি।সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নেতা সাইফুল হক, মোশরেফা মিশু, জোনায়েদ সাকি, রুহিন হোসেন, বহ্নিশিখা জামালী প্রমুখ।