তেল-গ্যাস কমিটির মিছিলে পুলিশের বাধা
ঢাকার মোহাম্মদপুরে হরতালের সমর্থনে বের করা তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির মিছিল থেকে পুলিশ চারজনকে আটক করেছে।জাতীয় কমিটির ঢাকা মহানগরের সভাপতি খান আসাদুজ্জামান প্রথম আলোকে জানান, গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মিছিলটি মোহাম্মদপুর টাউন হল থেকে শ্যামলীর দিকে যাচ্ছিল। ওই মিছিলে পুলিশ কয়েকবার বাধা দেয়। একপর্যায়ে মিছিল থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব, সদস্য নিমাই গাঙ্গুলি ও যুব ইউনিয়নের মোহাম্মদপুর থানার সদস্য আকবর হোসেনকে আটক করে পুলিশ। এ ছাড়া বাসার সামনে থেকে সিপিবির মোহাম্মদপুর থানার সাধারণ সম্পাদক মনিরুল হুদাকেও আটক করেছে পুলিশ। এ ছাড়া পুলিশের লাঠিপেটায় সিপিবির দুই নেতা দীপা ও বিপ্লব আহত হয়েছেন। এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ও সদস্য-সচিব আনু মুহাম্মদ। আদাবর থানার উপপরিদর্শক আকতার জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি। কয়েকজনকে থানায় আনা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সাগরে দুটি ব্লকে খনিজ অনুসন্ধানে কনোকোফিলিপসের সঙ্গে চুক্তির প্রতিবাদে আগামী ৩ জুলাই ঢাকায় আধা বেলা হরতাল ডেকেছে এ কমিটি। হরতালের সমর্থনে ধারাবাহিকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল করেছেন কমিটির নেতারা।